ইউএনওদের মুখ্য নির্বাহী কর্মকর্তা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদের ‘প্রধান নির্বাহী কর্মকর্তা’র পরিবর্তে ‘মুখ্য নির্বাহী কর্মকর্তা’ করা হচ্ছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘প্রধান’ শব্দটির স্থলে ‘মুখ্য’ শব্দ প্রতিস্থাপন করে উপজেলা আইনের সংশোধনী প্রস্তাবের নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ইউএনওকে উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা করার প্রস্তাব গৃহীত হয়েছে। এটি সামান্য সংশোধন। কেবল শব্দগত পরিবর্তন করা হয়েছে। এতে ইউএনওদের কার্যপরিধি বা ক্ষমতা বাড়বে না।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রস্তাব ছিল ইউএনওকে উপজেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা করার। কিন্তু তা না করে মুখ্য নির্বাহী কর্মকর্তা করার সিদ্ধান্ত হয়েছে। মূলত জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরশনে প্রধান নির্বাহী কর্মকর্তার পদের সঙ্গে সংগতি রেখে প্রধান নির্বাহী কর্মকর্তা পদের প্রস্তাব করা হয়। কিন্তু মন্ত্রিসভা প্রধান নির্বাহী কর্মকর্তার পরিবর্তে মুখ্য নির্বাহী কর্মকর্তা করার প্রস্তাব অনুমোদন দিয়েছে।সৈয়দ আশরাফ বলেন, এ বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এটি কেবল নীতিগত সিদ্ধান্ত।প্রধান শব্দ বাদ দিয়ে মুখ্য প্রতিস্থাপন করা সম্পর্কে উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেয়ারম্যান বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, উপজেলা পরিষদকে শক্তিশালী করার দাবির সঙ্গে এই পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। ইউএনওদের মুখ্য কর্মকর্তা করায় উপজেলা পরিষদ কার্যকরের ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা রাখবে না। এর পরও প্রধান নির্বাহী কর্মকর্তার পরিবর্তে মুখ্য নির্বাহী কর্মকর্তা করায় সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।সূত্র জানায়, প্রস্তাবিত আইনে অর্থসংক্রান্ত ক্ষমতা ইউএনওদের দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অর্থসংক্রান্ত বিষয়ে সচিব সই করেন। মন্ত্রী সই করেন না। এর সঙ্গে সংগতি রেখে ইউএনওদের এই ক্ষমতা দেওয়া হয় বলে জানা গেছে। সূত্র আরও জানায়, বৈঠকে উপজেলায় স্থায়ী কমিটি গঠনের যে বিধান রাখা হয়েছে, তাতে স্থায়ী শব্দটি বাদ দিয়ে অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনীতে উপজেলা পরিষদে যোগাযোগ ও ভৌত অবকাঠামো উন্নয়ন, কৃষি ও সেচ, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, যুব ও ক্রীড়া উন্নয়ন, মহিলা ও শিশু উন্নয়ন, সমাজকল্যাণ, মত্স্য ও প্রাণিসম্পদ, পল্লী উন্নয়ন ও সমবায়, অর্থ, বাজেট, পরিকল্পনা ও স্থানীয় সম্পদ আহরণ, জনস্বাস্থ্য, স্যানিটেশন ও বিশুদ্ধ পানি সরবরাহবিষয়ক কমিটি গঠন করার বিধান আছে।সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে আইনশৃঙ্খলা-বিষয়ক কমিটিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অংশ নেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। তবে পুলিশ স্বাধীনভাবেই কাজ করবে। এ প্রসঙ্গে বৈঠকে একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও পুলিশ জনপ্রতিনিধিকে জানিয়ে অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করে না। সুতরাং ওসি আইনশৃঙ্খলা-বিষয়ক কমিটিতে থাকলেও অপরাধ দমন কার্যক্রম পরিচালনায় গোপনীয়তা বজায় রাখবেন।জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বলেন, সাংসদ, উপজেলা চেয়ারম্যান ও ইউএনওদের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। বৈঠকে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সাংসদেরা কেবল আইন প্রণয়ন করবেন, উন্নয়নমূলক ভূমিকা রাখতে পারবেন না—এমন বিধান পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নেই।জেলা প্রশাসক নিয়ন্ত্রক নন, সমন্বয়কের ভূমিকা পালন করবেন: সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা প্রশাসনে ডিসি বা জেলা প্রশাসক সমন্বয়ক হিসেবে কাজ করবেন। ডিসির আহ্বানে এসপিসহ সব পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকতে হবে। এখানে কেউ কারও অধীন নন। ডিসি কাউকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সমন্বয়কের ভূমিকা পালন করবেন। মন্ত্রিসভার আজকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত, ডিসির আহ্বানে কোনো বৈঠকে সাধারণত এসপি অংশ নেন না। তাঁর পরিবর্তে অতিরিক্ত পুলিশ সুপার বা এএসপি বৈঠকে অংশ নেন।দরপত্রের মাধ্যমে বালুমহাল ইজারা দিতে হবে: রয়্যালটির পরিবর্তে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বালুমহাল ইজারা দিতে হবে। এ সংক্রান্ত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন আজকের বৈঠকে অনুমোদিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইনে বালুমহালে খাস আদায় নিষিদ্ধ করা হয়েছে। অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে বা বালু উত্তোলনকারীকে কেউ সহায়তা করলে অনূর্ধ্ব দুই বছরের কারাদণ্ড বা সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে জানান, গত ১৫ মাসে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ৮০ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। গত ৬২ বৈঠকে নেওয়া ৪০৫টি সিদ্ধান্তের মধ্যে ৩২৫টি বাস্তবায়িত হয়েছে। ৮০টি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন। এ সময় ১০৬টি আইন নীতিগত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সংসদে পাস হয়েছে ৮৯টি। বাকি ১৭টি প্রক্রিয়াধীন।