ইউএনওর ওপর হামলার ঘটনায় জামায়াতের আরও ২ নেতা গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আবদুস সামাদের ওপর জামায়াত শিবিরের হামলার ঘটনায় শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুস সাত্তার এবং শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার দুপুর ১২টায় আবদুস সাত্তারকে ডোমনপুকুর গ্রামের নিজ বাড়ি থেকে ও আবদুর রহিমকে বেলা দুইটায় সাজাপুর দাড়ি কামারাপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।শাজাহানপুর ইউএনও দেওয়ান আবদুস সামাদের ওপর জামায়াত শিবিরের হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি হিসেবে আবদুর রহিমকে এবং মামলার তদন্তে সম্পৃক্ততা থাকার অভিযোগে আবদুস সাত্তারকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।ইউএনওর ওপর হামলার ঘটনায় এই নিয়ে চারজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত রোববার সাজাপুর আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রমজান আলী ও গত সোমবার রাতে খোট্টাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইদুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানিয়েছেন, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তার চারজনের মধ্যে আবদুর রহিম ৫ নম্বর এজাহারভুক্ত আসামি। আর ওই হামলার সঙ্গে আবদুস সাত্তারের সংশ্লিষ্টতা রয়েছে।