ইউএনওর বাসা থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যায় সবুজ দাস (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ ওই বাসার নৈশপ্রহরী ছিলেন। তিনি পার্শ্ববর্তী কমলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সুনীল দাসের ছেলে।প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, কুলাউড়ার ইউএনও হাফিজুর রহমান চৌধুরী ও তাঁর স্ত্রী উপজেলা পরিষদ চত্বরে সরকারি বাসভবনে থাকতেন। গত চার দিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ইউএনও সিলেট নগরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিত্সাধীন ছিলেন। তাঁর স্ত্রীও সেখানে অবস্থান করছিলেন। এ সময় সবুজ একা বাসাটি দেখাশোনা করছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার পরিচ্ছন্নতা-কর্মী নাসির গিয়ে সবুজকে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁর শয়নকক্ষে ঢুকে তিনি দেখতে পান, কড়িকাঠের সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে সবুজের লাশ। এ সময় নাসিরের চিত্কারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র বণিক প্রথম আলো ডটকমকে জানান, সবুজ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে বলেও জানান তিনি।