ইউএসটিসির হাসপাতালে আগুন, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির (ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে গতকাল শুক্রবার আগুনে অন্তত পাঁচজন আহত হয়। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি গাড়ি নিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ইউএসটিসির পরিচালক কাজী রফিকুল হক বলেন, ‘আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি। এটি একটি দুর্ঘটনা।’ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে সাততলা হাসপাতালের চতুর্থ তলায় অস্ত্রোপচার কক্ষের পাশে গুদামে আগুন লাগে। পরে তা পাশের রোগীদের রিকভারি কক্ষ ও চিকিৎসকদের প্রসাধনকক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আগুনের ধোঁয়ায় কক্ষগুলো আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় রোগী ও স্বজনদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ফলে তারা হুড়োহুড়ি করে চারতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে।প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর রোগী ও স্বজনেরা নিচে এসে কান্নাকাটি করতে থাকে। রোগীদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসকেরাও নিচে নেমে আসেন।জামাল হোসেন নামের একজন রোগীর আত্মীয় বলেন, ‘আমি আমার ভাইকে এখানে ভর্তি করেছিলাম। কিন্তু শুক্রবার দুপুরে হঠাৎ করে দেখলাম পুরো কক্ষ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি আমার ভাইকে নিয়ে নিচে নেমে আসি।’খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, আগুন লাগার পর রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হয়। তবে তিনি আহতদের নামধাম বলতে পারেননি।ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ সহকারী কর্মকর্তা ফরিদ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘আগুন লাগার পর রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তখন স্বজনেরা রোগীদের নিয়ে নিচে নেমে আসে। একপর্যায়ে পুরো ওয়ার্ড খালি হয়ে যায়। পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় কেউ আহত হতে পারে।’