ইউক্রেনে তীব্র শীতে ৮৩ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে তীব্র শীতে ৮৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সেখানে তাপমাত্রা ছিল হিমাঙ্কের ২৩ ডিগ্রি সেলসিয়াস নিচে। তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার পর পাশের দেশ বুলগেরিয়া ও রোমানিয়ায় আরও ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গতকাল ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ভোলোদিমির ইয়ুরচেঙ্কো জানান, মারা যাওয়া ৮৩ জনের অধিকাংশের লাশ বিভিন্ন সড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে। তিনি জানান, শীতজনিত রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন হাসপাতালে পাঁচ শতাধিক মানুষ এখন চিকিত্সাধীন। তাপমাত্রা খুব বেশি নেমে যাওয়ায় এবং তুষারপাতের কারণে রাজধানী কিয়েভসহ দেশের অধিকাংশ এলাকা ভারী বরফস্তরের নিচে চাপা পড়েছে। বিদ্যুিবচ্ছিন্ন রয়েছে প্রায় ১০০ গ্রাম ও শহর। বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপনের জন্য জরুরি বিভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ সড়কগুলো থেকে তুষার পরিষ্কারের কাজে নিয়োজিত আছেন সেনাসদস্যরা। গৃহহীন ও বৃদ্ধদের জন্য এক হাজারের মতো ‘উষ্ণ আশ্রয়কেন্দ্র’ খুলেছে সরকার। এসব ব্যবস্থা নেওয়ার পরও প্রতিকূল আবহাওয়া মোকাবিলায় সরকারের প্রস্তুতি অত্যন্ত ধীর বলে সমালোচনা করেছেন অনেকে। তীব্র শীতের স্থায়িত্ব বেশ দীর্ঘ হবে এবং তাপমাত্রা আরও নেমে যেতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা। গত বছর ইউক্রেনে শতাধিক মানুষের মৃত্যু হয় তীব্র শীতে।