ইউক্রেনের পার্লামেন্টে হাতাহাতি! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তা ছিল এক হাতাহাতির দৃশ্য। কিল, ঘুষি, লাথি—সবই চলেছে। কে কাকে মারছেন, তা বোঝা কষ্ট। গতকাল বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ইউক্রেনের পার্লামেন্ট ভবনের ভেতর। দেশের কিছু এলাকায় রুশ ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহারের লক্ষ্যে প্রস্তাবিত এক বিলকে কেন্দ্র করে দেশটির পার্লামেন্টে দুই পক্ষের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। খবরে বলা হয়, ইউক্রেনের কয়েকটি এলাকায় রুশ ভাষাকে দাপ্তরিক ভাষা হিসেবে চালু করার ব্যাপারে রাদায় (পার্লামেন্টে) একটি বিল উত্থাপন করা হয়। এ নিয়ে পার্লামেন্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিকতর ইয়ানুকোভিচের সমর্থক ও পশ্চিমাপন্থী বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্কের সূত্রপাত হয়। একপর্যায়ে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার পর মাথায় আঘাত পাওয়া বিরোধীদলীয় একজন পার্লামেন্ট সদস্যকে হাসপাতালে নেওয়া হয়। রক্তভেজা শার্ট পরা অবস্থায় বিরোধী দলের উপনেতা মিকোলা পেতরুককেও হাসপাতালে নেওয়া হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরোধী দল চায় প্রতিবেশী রাশিয়ার আগ্রাসন থেকে যেন ইউক্রেনের সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বাধীনতা টিকে থাকে। পার্লামেন্টে উত্থাপিত ওই বিলে ইউক্রেনের সংখ্যাগরিষ্ঠ কিছু রুশভাষী অঞ্চলের স্কুল, হাসপাতাল ও আদালতে ইউক্রেনে প্রচলিত ভাষার পাশাপাশি দাপ্তরিক ভাষা হিসেবে রুশ ভাষা চালুর ব্যাপারে প্রস্তাব করা হয়। বিরোধী দলের দাবি, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে ইয়ানুকোভিচের দল বিলটির মাধ্যমে ইউক্রেনবাসীকে বিভক্ত করার চেষ্টা করছে। বিরোধীরা এই বিলটিকে ইউক্রেনের ভাষার প্রতি হুমকি বলে বিবেচনা করছে। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশভাষী বহু সংখ্যালঘু মানুষ বাস করে। ওই অঞ্চলকে ইয়ানুকোভিচের শক্তিশালী ঘাঁটি বলে বিবেচনা করা হয়।