ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর ৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া টিমোশেঙ্কোর সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। ক্ষমতার অপব্যবহার করে রাশিয়ার সঙ্গে গ্যাস আমদানি চুক্তি করার দায়ে আজ মঙ্গলবার তাঁকে এই সাজা দেওয়া হয়।টিমোশেঙ্কো আদালতের এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে ইউক্রেনে গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘মৃত্যুর আগ পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।আদালত সাত বছর কারাদণ্ডের পাশাপাশি টিমোশেঙ্কোকে ২০০৯ সালে করা ওই চুক্তির ফলে রাষ্ট্রের ক্ষতি ১৯ কোটি মার্কিন ডলার ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছেন।জনাকীর্ণ আদালতে বিচারক রোডিওন কারিয়িয়েভ বলেন, রাশিয়া থেকে গ্যাস আমদানি করতে ১০ বছরের যে চুক্তি করা হয়েছে, তাতে ইউক্রেনের বড় ধরনের লোকসান হয়। তিনি বলেন, ‘এই চুক্তি করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী টিমোশেঙ্কো সচেতনভাবে অভিনয় করেছেন এবং এমন কিছু কাজ করেছেন, যা অপরাধের পর্যায়ে পড়ে।’ বিচারক বলেন, রাশিয়ার সঙ্গে ওই চুক্তি হওয়ার ফলে ইউক্রেন ১৯ কোটি মার্কিন ডলার লোকসান হয়। আদালত এই অপরাধের প্রমাণ পেয়ে ইউলিয়া টিমোশেঙ্কোর সাত বছরের কারাদণ্ডাদেশ দিচ্ছেন।গত আগস্ট থেকে কারাগারে আছেন টিমোশেঙ্কো। মামলার রায় ঘোষণার সময় আদালতে তাঁর স্বামী ওলেকজান্ডার ও মেয়ে ইয়েভজেনিয়া উপস্থিত ছিলেন।রায় ঘোষণার আগে টিমোশেঙ্কো সাংবাদিকদের বলেন, ২০১০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের সঙ্গে তিনি কঠোর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন। এখন প্রতিহিংসাপরায়ণ হয়ে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এই মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, এটা সাজানো মামলা এবং রায়ও আগে থেকেই ঠিক করে রাখা।টিমোশেঙ্কো বলেন, ‘আমার বিরুদ্ধে যেসব অভিযোগ, তার কোনোকিছুই সত্য নয়। আমি নিশ্চিত, এর সবকিছুই মিথ্যা বলে প্রমাণিত হবে। তবে ইউক্রেনের আদালতে এটা সম্ভব নয়।’এ সময় টিমোশেঙ্কোর সমর্থকেরা ও বিরোধীরা আদালতের বাইরে অবস্থান নেয়। সমর্থকেরা টিমোশেঙ্কোর সমর্থনে নানা স্লোগান দিতে থাকলে বিরোধীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিবিসি।