ইউটিউবে ৫ কোটি ছাপিয়ে ‘কোলাভেরি ডি’
২০১১ সালের ১৬ নভেম্বর ইন্টারনেটে মুক্তি পেয়েছিল ধানুষের বহুল আলোচিত ‘কোলাবেরি ডি’ গানটি। প্রথম দিনেই ১০ লাখেরও বেশি শ্রোতা পেয়েছিল গানটি। সাম্প্রতিক তথ্য হচ্ছে, ইউটিউবে চলতি বছরের ২৬ মার্চ বিকালের মধ্যে গানটির হিটের সংখ্যা ৫ কোটি ছাপিয়ে গেছে।দক্ষিণী অভিনেতা ও প্লেব্যাক গায়ক ধানুষের ‘কোলাভেরি ডি’ গানটি রচিত হয়েছে ইংরেজি এবং তামিল ভাষার সংমিশ্রণে। এটি মূলত তৈরি হয়েছে তামিল ছবি ‘থ্রি’র জন্য। গানটি লিখেছেন এবং গেয়েছেন ধানুষ। থ্রি ছবিটি পরিচালনা করছেন ধানুষের স্ত্রী, দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রজনীকান্তের মেয়ে সৌন্দরিয়া রজনীকান্ত। থ্রি ছবিটিতে অভিনয়ও করছেন ধানুষ।কোলাভেরি ডি গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। গানটির সুরে রয়েছে দক্ষিণের লোকগানের ছোঁয়া। এর রেকর্ডিং হয়েছিল চেন্নাইয়ে এ আর রেহমানের স্টুডিওতে। কোলাভেরি ডিয়ের অর্থ ‘ভয়ংকর ক্রোধ’। ধানুষের মতে, এটি একজন ব্যর্থ প্রেমিকের গান।গানটির ধারণকাজ শেষ হওয়ার পর কীভাবে যেন তা বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে। বাধ্য হয়েই গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়েছিল গত বছরের ১৬ নভেম্বর। ইউটিউবে দেওয়ার পর রাতারাতি গানটির জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ভারতসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে। ২৬ মার্চ বিকেলে ইউটিউবে গানটির হিটের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ৫ কোটি ৮ লাখ ৬ হাজার ৬৩৩।