ইউটিউবে ‘শাহরুখ সংগীত’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাতা, লেখক সৃষ্টিশীল কাজে জড়িত এমন অনেককেই প্রেরণা জোগান শাহরুখ খান। বলিউডের এ অভিনেতাকে নিয়ে বই প্রকাশিত হয়েছে, এমনকি তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে ‘শাহরুখ বোলা খুবসুরত হ্যায় তু’ নামে একটি ছবিও মুক্তি পেয়েছে। এবারে তাঁকে নিয়ে গান গাইলেন ইন্ডিয়ান আইডল খ্যাত গায়িকা নেহা কাক্কার। গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর বেশ সাড়াও ফেলে দিয়েছে। গান শুনে মুগ্ধ হয়েছেন খোদ শাহরুখও।শাহরুখ খানকে নিয়ে গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার মাত্র চার দিনের মাথায় বিশ্বের বিভিন্ন দেশে দেড় লাখেরও বেশি মানুষ গানটি দেখেছেন এবং ইতিবাচক মন্তব্য করেছেন। অনেকেই হিন্দি ভাষার গানটিকে অন্যান্য ভাষায় রিমেকের অনুরোধও জানাচ্ছেন। ‘নেহা কাক্কার শাহরুখ খান সং’ শিরোনামে গানটি প্রকাশিত হওয়ার পর শাহরুখ ভক্তরা গানটিকে লুফে নিয়েছেন। অনেক ভক্তই এর নাম দিয়েছেন, ‘শাহরুখ সংগীত’। কেবল ভক্তরাই নন, গানটি শাহরুখেরও খুব পছন্দ হয়েছে। তাঁকে নিয়ে সুন্দর একটি গান করায় নেহাকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় শাহরুখ লিখেছেন, ‘এইমাত্র নেহা কাক্কারের গানটি শুনলাম। অনেক চমত্কার এবং মিষ্টি একটা গান। অনেক যত্ন নিয়ে গানটি গাওয়ার জন্য নেহাকে অনেক অনেক ধন্যবাদ। এই গানের মাধ্যমে আমার প্রতি যে গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে তার জন্য একটু লজ্জাই লাগছে।’গানটি রচনার পাশাপাশি এর সংগীত পরিচালনা করেছেন টনি কাক্কার। মূলত শাহরুখের প্রতি ভালোবাসা প্রকাশের জন্যই এই গান গেয়েছেন নেহা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘শাহরুখকে ঘিরেই আমার পুরো পৃথিবী—এটা সবাইকে জানানোর জন্যই এই গান গেয়েছি।’