ইউনিক প্রপার্টিকে ৫০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দ ও চরভবনাথপুর মৌজায় নিচু ও নাল জমি বেআইনিভাবে ভরাট করে পরিবেশের ক্ষতিসাধন করায় ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর গতকাল সোমবার শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে এ অর্থদণ্ড দেয়।একই সঙ্গে কৃষিজমি থেকে ভরাটকৃত সব বালু অবিলম্বে অপসারণেরও নির্দেশ দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ অর্থদণ্ড ও নির্দেশ দেন। বাংলাদেশ পরিবেশ আইনে এটি এ পর্যন্ত কোনো আবাসন প্রকল্পের বিরুদ্ধে করা সর্বোচ্চ অর্থদণ্ড। এ ছাড়া পরিবেশ ছাড়পত্রবিহীন এ আবাসন প্রকল্পে অর্থায়ন বা ঋণ প্রদান কার্যক্রম বন্ধের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। বর্ণিত প্রকল্পের পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) প্রতিবেদন দাখিল এবং অবস্থানগত ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত প্রকল্পের সব কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।ইউনিক প্রপার্টিকে অর্থদণ্ড ও বালু সরানোর নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ইউনিক প্রপার্টি যদি পরিবেশ অধিদপ্তরের নির্দেশ পালন না করে, তাহলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নাগরিকদের ওই আবাসন প্রকল্পে প্লট না কেনার জন্য আহ্বান জানানো হবে।পরিবেশ অধিদপ্তর জানায়, ইউনিক প্রপার্টি মেঘনার তীরে পরিবেশ ছাড়পত্র ছাড়া সোনারগাঁও রিজোর্ট সিটি নামে আবাসন প্রকল্পের কাজ শুরু করেছিল। ১৭ অক্টোবর অধিদপ্তরের নির্দেশে প্রকল্পটির মাটি ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়, ভরাটের সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়।ইউনিক প্রপার্টির পক্ষে প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এনায়েতুল হক গতকাল অধিদপ্তরে শুনানিতে অংশ নেন। শুনানিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা এ পর্যন্ত প্রকল্পভুক্ত ৭০ দশমিক ৯৫ একর নিচু ও নাল জমিতে খননযন্ত্র ও নৌযানের মাধ্যমে বালু এনে আট ফুট উচ্চতায় মোট দুই কোটি ৪৭ লাখ ২১ হাজার ঘনফুট বালু ভরাট করেছে।পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ আইনে আবাসন প্রকল্প একটি লাল শ্রেণীভুক্ত প্রকল্প বা উদ্যোগ, যা পরিবেশ ও প্রতিবেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। এ প্রকল্পের জন্য প্রথমে অবস্থানগত ছাড়পত্র গ্রহণ, দ্বিতীয়ত ইআইএ প্রতিবেদন দাখিল ও অনুমোদন এবং সবশেষে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।অধিদপ্তর জানায়, তারা সরেজমিনে তদন্তে দেখতে পায়, ইউনিক প্রপার্টি নদীর তীরের বিস্তীর্ণ এলাকায় নিচু, জলমগ্ন ও কৃষিজমি বেআইনিভাবে ভরাট করায় ব্যাপকভাবে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ভূমির প্রকৃতি ও শ্রেণীর পরিবর্তন ঘটেছে, যা ওই এলাকার কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য এবং সার্বিক পরিবেশ ও প্রতিবেশব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।অধিদপ্তর আরও জানায়, ভরাট করা এলাকার ৩০ জন ক্ষতিগ্রস্ত কৃষক সম্মিলিতভাবে চলতি সপ্তাহে অধিদপ্তরে এসে মোহাম্মদ মুনীর চৌধুরীর কাছে লিখিত অভিযোগ করেন। তাঁরা জানান, তাঁদের ৩৭ একর কৃষিজমি ওই আবাসন প্রকল্পের অবৈধ দখলে চলে গেছে। দু-তিন ফসলি এসব জমিতে ধান, সরিষা ও শাকসবজি উৎপাদিত হতো। তাঁরা জমির মালিকানা ও কৃষি উৎপাদনের অধিকার ফিরে পাওয়ার দাবি জানান।কৃষকেরা অভিযোগ করেন, ওই এলাকায় কৃষিজমিতে আবাসন প্রকল্প হলে আবাদি জমি বিলুপ্ত হয়ে খাদ্যঘাটতি দেখা দেবে।