ইউনিপে থেকে সাবধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপে নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ‘চটকদার’ বিনিয়োগ প্রস্তাব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার এক তথ্য বিবরণীতে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ‘লক্ষ্য করা যাচ্ছে যে ইউনিপে নামের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হচ্ছে। বিভিন্ন নেতার নাম করে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে মানুষকে এই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। ‘ইউনিপে টাকা রাখুন। ১০ মাসে এক লাখে দুই লাখ টাকা লাভ করুন, দেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ুন’—এ জাতীয় খুদে বার্তা পাঠানো হচ্ছে। বিষয়টি ইতিমধ্যে সরকারের নজরে এসেছে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সর্বসাধারণ এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ইউনিপে নামের এই প্রতিষ্ঠানের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।