ইউনিপেটুইউ অবৈধভাবে ব্যবসা করছে: সংসদে অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিবন্ধিত প্রতিষ্ঠান হলেও প্রচলিত আইন না মেনে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছে ইউনিপেটুইউ বাংলাদেশ। আজ রোববার জাতীয় সংসদে এ বি এম আশরাফ উদ্দিন নিজানের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।অর্থমন্ত্রী বলেন, বেশ কিছু কারণে ইউনিপেটুইউর কার্যক্রমকে সন্দেহজনক বলে প্রতীয়মান হয়েছে। ফলে এ ধরনের যেকোনো প্রতিষ্ঠানে বিনিয়োগে জনগণের প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য এসব প্রতিষ্ঠানের কার্যক্রমের বিষয়ে সতর্ক করে বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি প্রচার করেছে।অর্থমন্ত্রী আরও বলেন, ওই প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে বিদেশে স্বর্ণে বিনিয়োগের কথা বলে অর্থ নেয়। প্রকৃতপক্ষে এ ধরনের অনুমতি তাদের নেই এবং স্বর্ণ কেনার কোনো দৃষ্টান্ত দেখা যায়নি। এ ছাড়া কোথাও বিনিয়োগ বা অন্য কোনো ধরনের বিনিয়োগ থেকে মুনাফা অর্জনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।