ইউনিপেটুইউর গ্রাহকদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিনিয়োগ করা টাকা ফেরত ও মাল্টি লেভেল কোম্পানি (এমএলএম) ইউনিপেটুইউর বাকি সদস্যদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির গ্রাহকেরা। এসব সদস্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।বেঁধে দেওয়া সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তাঁরা। আজ দুপুর ১২টার দিকে সেগুনবাগিচার ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে ইউনিপেটুইউর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলা গ্রাহকদের সংগঠন ইউনিপেটুইউ মেম্বার্স ক্লাব লিমিটেডের সদস্যরা বলেন, তথাকথিত ওই মাল্টি লেভেল প্রতিষ্ঠানটির প্রতারণার কারণে আজ ছয় লাখ পরিবার অসহায় জীবন যাপন করছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিলেও ব্যাংকে তাঁরা দেখিয়েছে মাত্র ৪১৯ কোটি টাকা। আদালতের নির্দেশে ওই অর্থ জব্দ করছে বাংলাদেশ ব্যাংক। এখন যত দ্রুত সম্ভব জব্দ হওয়া অর্থ গ্রাহকদের সংগঠনের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়ার দাবি জানায় তাঁরা।গত রোববার ইউনিপেটুইউর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ও মহাব্যবস্থাপক (জিএম) জামশেদুর রহমানকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। তাঁদের ছাড়িয়ে নিতে একটি চক্র জোর তত্পরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির গ্রাহকেরা। এ ছাড়া আন্দোলনকারী গ্রাহকদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সরোয়ার মোর্শেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বখতিয়ারসহ অন্য গ্রাহকেরা।