ইউনিপেটুইউর ডিএমডি তাহের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুল আলোচিত বহুধাপ বিপণন-ব্যবস্থা (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউর পলাতক ডিএমডি এম এ তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ সাদা রঙের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ আজ রোববার সন্ধ্যা সাতটার দিকে শেরপুরের শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের কর্ণঝোরা চৌরাস্তা থেকে তাহেরকে গ্রেপ্তার করেছে। এম এ তাহেরের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দত্তেরচর গ্রামে। পুলিশ জানায়, এম এ তাহের শেরপুরের শ্রীবর্দী উপজেলা দিয়ে যাচ্ছেন, গোপনে পুলিশ এ সংবাদ পায়। এ খবরের ভিত্তিতে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাফিনূর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আজ বিকেলে তাহেরকে গ্রেপ্তারের অভিযানে নামে। সন্ধ্যা সাতটার দিকে তাহের ব্যক্তিগত গাড়িতে শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের কর্ণঝোরা চৌরাস্তা অতিক্রম করার সময় পুলিশ প্রাইভেট কারটি থামায়। এ সময় তাহের গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে। এ সময় গাড়িতে তাহেরের স্ত্রী রূপা আক্তারও ছিলেন। বকশীগঞ্জ থানার ওসি পি এস এম মোস্তাফিনূর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘তাহেরের স্ত্রী রূপা আক্তারের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এম এ তাহের তাঁর স্ত্রীকে নিয়ে শ্রীবর্দী উপজেলার কর্ণঝোরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এম এ তাহেরকে বকশীগঞ্জ থানা হেফাজতে রাখা হয়েছে।’ওসি আরও বলেন, এম এ তাহেরের বিরুদ্ধে গ্রাহকদের ৩০০ কোটি টাকা আত্মসাতের ৩০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রতারিত ইউনিপেটুইউ ফ্রেন্ডস ক্লাবের কর্মকর্তারা তাঁকে গ্রেপ্তারের জন্য এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। এম এ তাহেরের বিরুদ্ধে বকশীগঞ্জ থানার ছয় মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আগামীকাল সোমবার তাঁকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও তিনি জানান।