ইউনিপেটুইউর বিরুদ্ধে মামলা করল দুদক
বিতর্কিত কোম্পানি ইউনিপেটুইউর বিরুদ্ধে মুদ্রা পাচার (মানি লন্ডারিং) আইনে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার শাহবাগ থানায় এ মামলা করা হয়।শাহবাগ থানার পুলিশ জানায়, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম মামলার বাদী। মামলায় ইউনিপেটুইউর চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন ও ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেনকে আসামি করা হয়েছে।অভিযোগে বলা হয়, ইউনিপেটুইউ গত বছরের ডিসেম্বর পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে ২৪৬ কোটি ১৩ লাখ টাকা আদায় করেছে। বিভিন্ন গ্রাহকের ব্যাংক হিসাব থেকে ইউনিপেটুইউর তিনটি হিসাবে এসব টাকা জমা হয়েছে। এর মধ্যে ২৬ কোটি ১২ লাখ টাকা কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির বিভিন্ন খরচের অজুহাতে তুলেছেন। এই টাকার অধিকাংশ রাখা হয়েছে ব্যবস্থাপনা পরিচালকের হিসাবে। গ্রাহকদের টাকা এভাবে ব্যক্তিগত হিসাবে স্থানান্তর বিধিবহির্ভূত।অভিযোগ করা হয়, ইউনিপেটুইউ যৌথ মূলধনি কোম্পানি এবং ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরে (জয়েন্ট স্টক কোম্পানি) নিবন্ধিত। সেখানে তাদের মূল ব্যবসা দেখানো হয়েছে আমদানি-রপ্তানি, ট্যুর-ট্রাভেলস ও মাল্টি লেভেল মার্কেটিং। কিন্তু কোম্পানিটি এর বাইরে বেআইনিভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।ইউনিপেটুইউর বিরুদ্ধে আরেকটি অভিযোগ হলো, কোম্পানিটি বেস্ট জিনিয়াস নামে মালয়েশীয় একটি কোম্পানির বাংলাদেশের এজেন্ট। বিদেশি প্রতিষ্ঠানের এজেন্ট হতে হলে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, ১৯৪৭ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। ইউনিপেটুইউ বাংলাদেশ ব্যাংক থেকে কোনো অনুমোদন নেয়নি।সূত্র জানায়, ১০ মাসের মধ্যে বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে চট্টগ্রাম ও সিলেটে ব্যবসা চালিয়ে আসছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের লগ্নি করা টাকা সোনা কিনতে বিনিয়োগ করা হচ্ছে বলে ঘোষণা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। তবে প্রতিষ্ঠানটি সোনা কিনে জমা করছে, এ রকম কোনো তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ ধরনের মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে।