ইউনিপেটুইউর ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপেটুইউর ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।আজ সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি ওবায়দুল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাতিল আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই আদালতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ইউনিপেটুইউর বিরুদ্ধে করা মামলা বাতিল চেয়ে আবেদন উপস্থাপন করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে আদালত মামলার কার্যক্রম অবকাশ শেষে এক সপ্তাহ পর্যন্ত স্থগিত করেন। প্রসঙ্গত, অবকাশ শেষে আগামী ১০ জুলাই আদালত খুলবে।এ ছাড়া আজ ইউনিগেটুইউ ট্রেডিং প্রাইভেট লিমিটেডের ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশের কার্যকারিতাও তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। কেন ওই আদেশ বাতিল করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।আদালতে দুদকের করা পৃথক বাতিল আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। ইউনিপেটুইউর বিরুদ্ধে করা মামলা বাতিল আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম আমীর-উল ইসলাম।সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি মহানগর দায়রা জজ ইউনিপেটুইউর ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন। পরে ব্যবস্থাপনা পরিচালক মুনতাসীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ জুন আদালত ব্যাংক হিসাব উন্মুক্তের আদেশ দেন। এর বাতিল চেয়ে দুদকের পক্ষে করা আবেদনের ওপর শুনানি হয়। এর আগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের চলতি বছরের ২৫ জানুয়ারি দুদক শাহবাগ থানায় ইউনিপেটুইউর বিরুদ্ধে মামলা করে। মামলাটি বাতিল চেয়ে ইউনিপেটুইউর পক্ষে আবেদন করা হয়।এ ছাড়া ইউনিগেটুইউ ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে দুদক চলতি বছরের ৩ ফেব্রুয়ারি গুলশান থানায় মামলা করে। পরে দুদকের আবেদনে ১৯ জানুয়ারি দুটি ও ২ মার্চ প্রতিষ্ঠানটির একটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেওয়া হয়। এর বিরুদ্ধে ইউনিগের পক্ষে করা আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ মে দায়রা জজ আদালত তা উন্মুক্তের আদেশ দেন। এটা বাতিল চেয়ে হাইকোর্টে দুদক দুটি বাতিল আবেদন করে। পৃথক এসব আবেদনের শুনানি নিয়ে আদালত আদেশ দেন।