ইউনিপেটুইউর ১১০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ বহাল
ইউনিপেটুইউর ১১০টি ব্যাংক হিসাব জব্দের নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে করা রিট আবেদনটি খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। একই সঙ্গে ইতিপূর্বে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। ফলে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নিম্ন আদালতের দেওয়া আদেশ বহাল থাকছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।জানা যায়, গত বছরের ৬ জুলাই নিম্ন আদালতের এক আদেশে ইউনিপেটুইউর ১১০টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের ওপর প্রাথমিক শুনানির পর গত বছরের ২৬ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন এবং ওই আদেশ স্থগিত করেন। ইতিমধ্যে ২৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন ইউনিপেটুইউর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত তা খারিজ করে রায় দেন। পাশাপাশি এর আগে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়।আদালতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী আনিসুল হক, এম এ আজিজ খান এবং রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও শাহ মঞ্জুরুল হক মামলা পরিচালনা করেন। এম এ আজিজ খান প্রথম আলোকে বলেন, ‘ব্যাংক হিসাব জব্দের নির্দেশের বিরুদ্ধে করা রিট আবেদন খারিজ করে রায় দিয়েছেন আদালত। ফলে ইউনিপেটুইউর ১১০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ বহাল থাকল।’