ইউনিপেটুইউয়ের গ্রাহকদের অনশন বন্ধ করার নির্দেশ
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন পালনকারী ইউনিপেটুইউয়ের গ্রাহকদের আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে অনশন বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশ। বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া এবং কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে তাঁরা ওই অনশন পালন করছেন। পুলিশ জানিয়েছে, শহীদ মিনারে অবস্থানের অনুমোদনের দিন শেষ হওয়ায় তাঁদের অনশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইউনিপেটুইউয়ের গ্রাহকেরা অভিযোগ করেছেন, তাঁদের ব্যবস্থাপনা পর্ষদ ও দালালদের ষড়যন্ত্রে প্রশাসন এ কাজ করেছে। অনশনরত গ্রাহকেরা কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, আজ বেলা একটার দিকে শাহবাগ থানার কয়েকজন পুলিশ সদস্য তাঁদের সন্ধ্যা ছয়টার মধ্যে উঠে যেতে বলেন। এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, অনশনকারীদের আবেদনপত্রে আমরণ অনশন করার কথা উল্লেখ নেই। মানবিক কারণে তাঁদের অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছে। তা ছাড়া তাঁরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। তাঁরা অনশনের পরিবর্তে পিকনিকে নেমেছেন। ইউনিপেটুইউতে বিনিয়োগ করা টাকা ফেরত নেওয়ার দাবিতে সাত দিন ধরে গ্রাহকেরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন।