ইউনিলিভারের সিইও পল পোলম্যান ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল পোলম্যান গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছেছেন। তিন দিনের এই সফরে তিনি ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক করবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ইউনিলিভার এশিয়া, আফ্রিকা, কেন্দ্রীয় ও পূর্ব ইউরোপের প্রেসিডেন্ট হারিশ মানওয়ানি এবং ইউনিলিভার দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট নিতিন পারাঞ্জপে।২০০৯ সালের ১ জুলাই ইউনিলিভারের দায়িত্ব নেওয়া পল পোলম্যান সম্প্রতি ইউনিলিভারের পরিবেশের ওপর প্রতিক্রিয়া হ্রাসকারী কার্যক্রম সাসটেইনেবল বিজনেস মডেল তৈরির নেতৃত্ব দিচ্ছেন। তিনি মনে করেন, যেসব কোম্পানির কার্যকর সামাজিক কার্যক্রম রয়েছে, তারাই স্থায়ী সাফল্য পেয়েছে। বিশ্বের ১৬০টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ইউনিলিভারের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার আগে পল পোলম্যান ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসেল এসএ এবং প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ২০০৭ সালে ইনভেস্টর ম্যাগাজিন তাঁকে সেরা চিফ ফাইন্যানশিয়াল অফিসার হিসেবে স্বীকৃতি দেয়। ২০০৬ সালে তিনি ইউনিভার্সিটি অব সনসিনাটি থেকে কার্ল লিন্ডার অ্যাওয়ার্ডে ভূষিত ও ২০০৩ সালে ডব্লিউএজে ইউরোপিয়ান বিজনেস লিডার সম্মাননা লাভ করেন।