ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকের অবস্থা হ-য-ব-র-ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলায় ৫৬টি কমিউনিটি ক্লিনিক ও ১৮টি ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। কমিউনিটি ক্লিনিকগুলোতে কোনো লোকবল নেই। স্থানীয়ভাবে স্বাস্থ্য সহকারীরা অতিরিক্ত দায়িত্ব হিসেবে কয়েকটি কমিউনিটি ক্লিনিক চালু রেখেছেন। অধিকাংশ উপস্বাস্থ্যকেন্দ্রে পুরো লোকবল নেই। প্রতিটি উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিত্সা কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী, ফার্মাসিস্ট ও এমএলএসএস থাকার কথা রয়েছে। কোনো কোনো উপস্বাস্থ্যকেন্দ্রে মাত্র একজন কর্মী কর্মরত আছেন। ১৮টি উপস্বাস্থ্যকেন্দ্রের মধ্যে মাত্র দুটিতে ভোজেশ্বর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র ও আঙ্গারিয়া উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিত্সা কর্মকর্তা কর্মরত আছেন। কিন্তু আঙ্গারিয়া উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিত্সা কর্মকর্তা মাসুমা আক্তার যোগদানের পর থেকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেষণে কাজ করছেন। বাকি ১৬টি উপস্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিত্সা কর্মকর্তা নেই। নশাসন ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উপসহকারী চিকিত্সা কর্মকর্তা প্রদ্যুত্ কুমার সাহা বলেন, ‘এ উপস্বাস্থ্যকেন্দ্রে এমএলএসএস থেকে শুরু করে চিকিত্সা কার্যক্রম সব আমাকে একা করতে হয়। ফলে মানুষের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যসেবা দিতে পারছি না।’ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলো অধিকাংশ সময় বন্ধ থাকে: শরীয়তপুর জেলায় ৩২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। চিকিত্সক ও কর্মচারীর অভাবে অধিকাংশ সময় এসব কেন্দ্র বন্ধ থাকে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৩২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে স্যাকমো, পরিবারকল্যাণ পরিদর্শক, ফার্মাসিস্ট, নৈশপ্রহরী ও আয়া কর্মরত থাকার কথা। কিন্তু অধিকাংশ কেন্দ্রে একজন করে কর্মী কর্মরত রয়েছেন। তাঁদের জেলায় ও উপজেলায় দাপ্তরিক কাজ, ইউনিয়ন এলাকা পরিদর্শন ও কেন্দ্র পরিচালনা করতে হয়। তাঁরা বাইরে গেলে কেন্দ্রে তালা ঝুলিয়ে যান। শরীয়তপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগে ৫৫০টি পদের মধ্যে ১৩৭টি শূন্য রয়েছে। ইসলামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের রাজিয়া বেগম (৪০), সুমাইয়া আক্তার (৩৫) ও রাহেলা (৩০) বলেন, ‘প্রায় দিনই ইসলামপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ থাকে। একজন আপা এখানে কাজ করেন। তিনি বাইরেই বেশি কাজ করেন। চিকিত্সা নিতে এসে তাঁকে না পেয়ে রোগীরা ফিরে যায়।’ গোসাইরহাট ইউনিয়নের খাটরা গ্রামের নিজাম উদ্দিন (৪৫), শাহ আলম (৩০) ও জরিনা বেগম (৩৮) জানান, তাঁরা অসুস্থ হয়ে গোসাইরহাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান। কিন্তু কাউকে পাওয়া যায় না। তখন বাধ্য হয়ে তাঁরা উপজেলা সদরে গিয়ে চিকিত্সা নেন। মাহামুদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে কর্মরত স্যাকমো ফকরুল হাসান বলেন, ‘এ কেন্দ্রে পাঁচজন কর্মীর কাজ করার কথা। কিন্তু অনেক দিন যাবত্ আমি একা এখানে কাজ করছি। আমাকে একাই কেন্দ্র পরিচালনা ও ইউনিয়ন পরিদর্শন করতে হয়। আবার দাপ্তরিক কাজে জেলা ও উপজেলায় যেতে হয়। তখন বাধ্য হয়ে স্বাস্থ্যকেন্দ্রে তালা দিতে হয়। রোগীরা এসে ফেরত যায়, আর আমাদের ভুল বোঝে।’