ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপন শুরু: রাজিউদ্দিন
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছানোর লক্ষ্যে ১০৮টি ইউনিয়নে অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপনের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিজস্ব অর্থায়নে ২৮ কোটি টাকার কাজ শুরু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে কাজটি শেষ হবে বলেও জানান তিনি।আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।মন্ত্রী বলেন, এক হাজার ইউনিয়নে অপটিক্যাল নেটওয়ার্ক স্থাপনে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।রাজিউদ্দিন আহমেদ বলেন, টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বর্তমানে এক হাজার ৪৩১ কোটি ৫৫ লাখ টাকার আটটি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ৬২২ কোটি ৮৬ লাখ টাকার টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প, ২৮৯ কোটি ৪৬ লাখ টাকার ইন্টারনেট তথ্য সম্প্রসারণ প্রকল্প, ২৮ কোটি টাকার ১০০ ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক স্থাপন, ১৭৯ কোটি ৬০ লাখ টাকার আইএলডিটিএস পলিসি বাস্তবায়ন প্রকল্প, ১৯৬ কোটি ৬৩ লাখ টাকার ঢাকা শহরের পুরোনো ডিজিটাল টেলিফোন সিস্টেম প্রতিস্থাপন প্রকল্প, ১০ কোটি টাকার পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোর ডিজিটাল এক্সচেঞ্জ সম্প্রসারণ এবং উপজেলাগুলোতে নতুন ডিজিটাল এক্সচেঞ্জ স্থাপন প্রকল্প, ৩০ কোটি টাকার বিভিন্ন শহরে এক্সচেঞ্জ স্থাপন, ৭৫ কোটি টাকার বিটিসিএলের বিভিন্ন টেলিফোন এক্সচেঞ্জগুলোর সম্প্রসারণ এবং অন্যান্য উন্নয়ন কর্মসূচি।এ ছাড়া এনজিএন-ভিত্তিক টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, ওয়ারলেস ব্রডব্যান্ড নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, এক হাজার ইউনিয়নে অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্ক স্থাপন প্রকল্প, ভিডিও কনফারেন্সিং প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে।অন্য এক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশে নয় হাজার ৮৮৬টি ডাকঘর চালু রয়েছে। এর মধ্যে বিভাগীয় ডাকঘর এক হাজার ৭৩৮টি ও অবিভাগীয় ডাকঘর আট হাজার ১৪৮টি।ডাকমন্ত্রী আরও জানান, এসব ডাকঘরগুলোতে মোট ৩৭ হাজার ২৪৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছে। ২০০৯-১০ অর্থবছরে ডাক অধিদপ্তর ২৩৬ কোটি ৪২ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।