ইউনিয়ন পর্যায়ে প্রথম শ্রেণীর কৃষি কর্মকর্তা নিয়োগের সুপারিশ
মাঠপর্যায়ে কৃষি কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ইউনিয়ন পর্যায়ে প্রথম শ্রেণীর কৃষি কর্মকর্তা এবং ওয়ার্ড পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের সুপারিশ করেছে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।আজ বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি শওকত মোমেন শাহজাহান বৈঠকে সভাপতিত্ব করেন। সভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খন্দকার আবদুল বাতেন, আবুল কালাম আজাদ, শাহ জিকরুল আহমেদ, আবদুল মান্নান, কে এম খালিদ, নুরজাহান বেগম এবং আহমেদ নাজমীন সুলতানা যোগ দেন।সভায় কৃষি গবেষণা ফাউন্ডেশন সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় কৃষি গবেষণা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাসহ একে আরও জবাবদিহি করা এবং এর কার্যক্রমকে দৃশ্যমান করার ওপর গুরুত্বারোপ করা হয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব মুশতাক আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় যোগ দেন।