ইউনিয়নবাসীর চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের তেজগাঁও সার্কেলের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) নির্বাচনী প্রচারণার পালে হাওয়া লেগেছে দিন কয়েক আগেই। স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ। উত্তরখান, দক্ষিণখান ও ডুমনী ইউনিয়নের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আজ। হরিরামপুর ইউনিয়নের আজকের নির্বাচন স্থগিত করেছেন আদালত। বাড্ডা, সাঁতারকুল, বেরাইদ ও ভাটারা ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে ১৮ জুলাই। এই আট ইউনিয়ন ঘুরে দেখা গেল নাগরিক-বঞ্চনার নানা চিত্র। এগুলোয় পৌঁছায়নি মহানগরের সব পরিষেবা। আট ইউনিয়নের বাসিন্দাদের চাওয়ার চিত্র তুলে ধরেছেন তানজিল আহমদ। দক্ষিণখান ইউনিয়নসড়কের সংস্কার হবে কবে?এই ইউনিয়নের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাঙাচোরা সড়ক। এসব সড়কের পিচ তো উঠেছেই, ইট পর্যন্ত উঠে গেছে। উঁচু-নিচু এসব গর্তে রিকশায় চলাচল করা দুরূহ হয়ে পড়েছে। অনেক দিন হয়ে গেলেও এসব সড়ক সংস্কারের ছোঁয়া পায়নি। আশকোনা থেকে দক্ষিণখান বাজারে যাওয়ার সড়কটির চওড়া আরও বাড়ানো দরকার। ফায়দাবাদ এলাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। এই পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। মাদ্রাসা রোডের কয়েক জায়গায় গর্ত রয়েছে। সড়ক ভেঙে নিচের নালা বের হয়ে আছে। রাতে হাঁটতে গিয়ে গর্তে পড়ে অনেকেই আহত হয়েছে। ‘পানি নিষ্কাশনব্যবস্থা খারাপ হওয়ায় ভালো সড়কে পানি জমে তা ভেঙে যাচ্ছে। ড্রেনেজ-ব্যবস্থা আরও ভালো করা দরকার।’ বলছিলেন মাদ্রাসা রোডের বাসিন্দা আজমল হোসেন।দক্ষিণখান ইউনিয়নে গ্যাসের সংযোগ থাকলেও গ্যাস সংকট লেগেই থাকে। প্রতিদিন সকাল সাতটার দিকে গ্যাস চলে যায়। সারা দিন আর তার দেখা পাওয়া যায় না। আসতে আসতে রাত ১১টা বেজে যায়। দুপুরের খাবার ভোরেই রান্না করতে হয়। আবার রাতের খাবার খেতে হয় গভীর রাতে।আশকোনা হজ ক্যাম্পের সামনে থেকে টমটম চলত দক্ষিণখান পর্যন্ত। এতে যাতায়াতব্যবস্থা অনেকটাই সহজ হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন থেকে টমটম চলছে না। ফলে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো রিকশাচালক যেতে রাজি হন না। গেলে ভাড়াও বেশি চান, আবার অতিরিক্ত সময়ও নষ্ট হয়। এলাকায় স্কুলের মাঠ ছাড়া খেলার কোনো মাঠ নেই। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মশার অত্যাচারও বাড়তে থাকে। উত্তরখান ইউনিয়নপানীয়জলের অভাব!‘দোবাদিয়া ও উত্তরখান গ্রাম ছাড়া পুরো ইউনিয়নে আর কোথাও ঢাকা ওয়াসার পানির লাইন নাই। অথচ ওয়াসার পানি আমাদের খুবই প্রয়োজন।’ বলছিলেন কাচকুড়া এলাকার বাসিন্দা কামরুজ্জামান। ঢাকা ওয়াসার পানি না থাকায় চাপকল নিজ উদ্যোগে বসাতে হয়েছে। কিন্তু চাপকলে প্রায়ই পানি থাকে না। সবাই আবার পাম্পও বসাতে পারে না। এ জন্য এলাকাবাসী দাবি করছে, ওয়াসার পানি সরবরাহের জন্য।দক্ষিণখান থেকে কাচকুড়া বাজার পর্যন্ত গ্যাস আছে। গ্যাস থাকলেও সংকটে পড়তে হয় প্রতিদিন। সকাল থেকে রাত পর্যন্ত চুলায় গ্যাস পাওয়া যায় না। এ ছাড়া অন্য গ্রামগুলোতে গ্যাসের সংযোগই নেই। তারা মাটির চুলা কিংবা কেরোসিনের স্টোভ ব্যবহার করে। ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ভেঙে ইট উঠে গেছে। সামান্য বৃষ্টি হলেই সড়কগুলো ডুবে যায়। ড্রেনেজ-ব্যবস্থা না থাকায় পানি বের হতে পারে না। আবার পয়োনিষ্কাশন নালা থেকেও কখনো কখনো পানি উপচে সড়কে উঠে জমে থাকে। ভেতরের সড়কগুলোর অবস্থা আরও খারাপ। বৃষ্টিতে এসব কাঁচা সড়কে হাঁটা যায় না। আবার রিকশাও পাওয়া যায় না। আবর্জনা ফেলার জন্য কোনো ডাস্টবিন নেই। যেখানে-সেখানে আবর্জনা ফেলছে এলাকাবাসী। খেলাধুলার কোনো মাঠ নেই। মশার উপদ্রব লক্ষ করার মতো। হরিরামপুর ইউনিয়নজলাবদ্ধ বাড়িঘর!এমনিতেই বারো মাস পানি ওঠে বাড়িতে। নর্দমার (ড্রেন) পানি বের হওয়ার কোনো জায়গা না থাকায় তা যাচ্ছে বাসাবাড়িতে। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। পানিতে তলিয়ে যায় ঘরের মেঝে। হরিরামপুর ইউনিয়নের কামারপাড়া এলাকার চিত্র এটি। এখানকার কালিয়ারটেক ১ নম্বর সড়কের ওপর দিয়ে নর্দমার পানি গড়াচ্ছে। সড়কে ভাঙা ইটের টুকরা, রাবিশ ফেলে কোনো রকম চলাচল করছে এলাকাবাসী। ‘রাতের বেলা কারেন্ট না থাকলে এই পানিতে পা চলে যায়। পচা পানিতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। বৃষ্টির সময় ঘরে পানি ওঠে। আমরা এর থেকে মুক্তি চাই।’ বলছিলেন এখানকার বাসিন্দা মোমেনা আক্তার।কামারপাড়া নতুন বাজারের সামনে সড়ক ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পানি জমে ছোট ডোবায় পরিণত হয়েছে। কাদায় সাবধানে চলাচল করছে পথচারীরা। পানি নিষ্কাশনব্যবস্থা না থাকায় নয়ানগর, রানাভোলায় পানি জমে যায়। সড়কের দুই পাশে বাড়িঘর আছে, তাই সড়ক থেকে পানি নামতে পারে না। বৃষ্টি হলে এলাকাবাসীকে হাঁটুপানি মাড়িয়ে পথ চলতে হয়। রিকশাচালক যেতে চান না। কষ্ট তখন বেড়ে যায় এলাকাবাসীর।হরিরামপুুর ইউনিয়নের প্রধান তিনটি সড়কই ভাঙাচোরা। সড়কের মাঝে মাঝেই পিচ-ইট উঠে গেছে। রিকশা কিংবা লেগুনায় যেতে বেশ বেগ পেতে হয় যাত্রীদের। অনেক দিন ধরে এসব সড়কের কোনো সংস্কার হচ্ছে না। শাখা সড়কের অবস্থা আরও খারাপ। এর মধ্যে বেশির ভাগই আবার কাঁচা রাস্তা। কিছু এলাকায় গ্যাস আছে আবার কিছু এলাকায় নেই। গ্যাস না থাকায় লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে এলাকাবাসীকে। রানাভোলা থেকে ধরঙ্গারটেক এলাকায় যাওয়ার সড়কে একটি কালভার্ট স্থাপন করা হয়েছে। কিন্তু কালভার্টের দুই দিকে সড়কের পাশে সিমেন্টের ঢালাই না দেওয়ায় বৃষ্টি হওয়ার পর কোনো গাড়ি গেলেই ভেঙে পড়ে সড়ক। সন্ধ্যা ঘনিয়ে আসতেই পুরো ইউনিয়নে বেড়ে যায় মশার অত্যাচার। বাড্ডা ইউনিয়নপানির পাম্পে দরকার জেনারেটর‘মাঝে মাঝেই কল ছাড়লে দেখি পানি নেই। গোসলের মাঝখানে যদি পানি না থাকে, তখন কেমন লাগে। প্রায়ই এ রকম ঘটনার মুখোমুখি হতে হয়।’ বলছিলেন উত্তর বাড্ডার বাসিন্দা আমেনা আক্তার। বাড্ডা ইউনিয়নের সব এলাকায় রয়েছে ওয়াসার পানির সংকট। এলাকাবাসী নিরবচ্ছিন্ন পানির সরবরাহ চায়। এ প্রসঙ্গে বাড্ডা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলী হোসেন বলেন, ‘পাম্পগুলোতে জেনারেটর নেই। যখন লোডশেডিং হয়, তখন পাম্পগুলো বন্ধ থাকে। এ জন্য পানির সংকট দেখা যায়।’ তিনি পাম্পগুলোতে বিদ্যুতের বিকল্প জেনারেটর বসানোর দাবি করেন। তাহলে পানির সংকট থাকবে না।আবার বাড্ডার বেশ কিছু সড়কই ভাঙাচোরা। পানি নিষ্কাশনব্যবস্থা ভালো না হওয়ায় সড়কে পানি জমে থাকে। এই পানিতে সড়কে ভাঙন ধরে বলে জানায় স্বাধীনতা সরণির পাশের দোকানি দুলাল হোসেন। তিনি বলেন, ‘ড্রেন নাই পানি যাবে কোন দিক দিয়ে। নিচে যে নালা থাকে তাও ভরে গেছে ময়লা-আবর্জনায়। এ জন্য বৃষ্টি হলে পানি যেতে পারে না। আমাদের ব্যবসার বারোটা বেজে যায়।’ইউনিয়নের আওতাভুক্ত জমি নিবন্ধনের টাকা চলে যায় ডিসিসিতে। ফলে এসব টাকা দিয়ে যে এলাকার উন্নয়ন করা হবে, তারও সুযোগ নেই বলে জানান চেয়ারম্যান আলী হোসেন। আবার বরাদ্দ কম হওয়ায় এলাকার সড়কগুলোর সংস্কার করা যাচ্ছে না। তবে কোনো কোনো সড়কের সংস্কারকাজ চলছে।এলাকায় নেই কোনো শিশুপার্ক কিংবা খেলার মাঠ। ময়লা-আবর্জনা ফেলা হয় প্রগতি সরণিতে।  সাঁতারকুল ইউনিয়নগ্যাস চাই‘এই সড়ক ছাড়া এলাকায় আসার আর কোনো সড়ক নেই। এর সংস্কারকাজ শুরু হলে রিকশা-ম্যাক্সি চলাচল বন্ধ হয়ে যায়। তখন হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। রোগী নেওয়ারও কোনো উপায় থাকে না।’ বাড্ডা থেকে সাঁতারকুল-বেরাইদ ইউনিয়নের একমাত্র সড়ক সম্পর্কে বলছিলেন সাঁতারকুল ইউনিয়নের সচিব ইব্রাহিম খলিল। এ ছাড়া এলাকায় কোনো জানাজা পড়ার জায়গা নেই। এ জন্য জানাজা পড়া হয় সড়কের ওপর। ফলে চলাচলে অসুবিধা হয়। এলাকাবাসী জানায়, সুবাস্তু নজরভ্যালি (বাড্ডা) থেকে একটি বড় সড়ক হওয়ার কথা, কিন্তু এখনো তা শুরু হচ্ছে না। কারণ, ভূমিদস্যুদের দৌরাত্ম্য। সড়ক হয়ে গেলে জায়গার দাম বেড়ে যাবে এ জন্য তারা এই সড়কের বিরোধী। এলাকাবাসীর দাবি, যোগাযোগের জন্য দ্রুত এই বিকল্প সড়কটি তৈরির। বর্তমান সড়কটির সংস্কার হওয়া প্রয়োজন।বেশ কিছু এলাকায় গ্যাস নেই। মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্না করতে হয়। সাঁতারকুল ইউনিয়ন পরিষদের পেছনে থাকেন আতাউর রহমান। তিনি বলেন, ‘রান্না করার পর বৃষ্টিতে চুলা নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ঢেকে রাখতে হয়। লাকড়িও পাওয়া যায় না। সামনে বর্ষায় আরও সমস্যা বাড়বে। আমাদের গ্যাস দরকার।’  ভাটারা ইউনিয়নপ্রধান সড়ক ভাঙাচোরাবাড্ডা থানার সামনে থেকে খিলবাড়িরটেক যাবেন আকতার হোসেন। কিন্তু কোনো রিকশাচালকই যেতে রাজি হচ্ছিলেন না। কারণ হিসেবে জানা গেল, খিলবাড়িরটেক যাওয়ার সড়কটির অবস্থা খুবই খারাপ। ভেঙে গর্তে পরিণত হয়েছে সড়কটি।অন্যদিকে বাড্ডা থানার সামনে দিয়ে যে সড়কটি চলে গেছে সেটি দখল করে হকাররা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এই ইউনিয়নের বেশির ভাগ সড়কেরই অবস্থা বেহাল। সড়কের পিচ উঠে নিচের ইট পর্যন্ত বের হয়ে গেছে। এখানে-সেখানে গর্ত হয়ে আছে। উঁচু-নিচু সড়কে রিকশাওয়ালারা যেতে চান না। গেলেও ভাড়া হাঁকিয়ে বসেন দ্বিগুণ।ভাটারা ইউনিয়ন পরিষদের আশপাশেই দেখা গেল কাঁচা মাটির সড়ক। বৃষ্টি হলে এসব সড়কে কাদার জন্য হাঁটা যায় না। সড়কের দুই পাশে ভবন থাকায় পানি সরে যেতে পারে না। ড্রেনেজ-ব্যবস্থা কোথাও আছে, কোথাও নেই। তাই সামান্য বৃষ্টিতে সড়কের ওপরে পানি জমে থাকে। সড়ক থেকে কোনো কোনো বাড়ি নিচে হওয়ায় পানি গড়িয়ে বাড়িতে গিয়ে পড়ে। ভাটারা ইউনিয়নের কয়েক জায়গায় গ্যাসসংযোগ নেই। এলাকাবাসী জানায়, এই এলাকার নিচু জায়গাগুলোতে ভূমিদস্যুদের উপদ্রব দিন দিন বেড়েই চলছে। জমির মালিকেরা জমি বিক্রি করতে পারছেন না। আবার ভূমিদস্যুরা জমি কম দামে কিনে নেয় বিভিন্নভাবে। সামান্য জমি কিনে নিয়ে আশপাশের সব জমিতে বালু ফেলে ভরাট করছে এসব ভূমিদস্যু। এলাকাবাসীর অভিযোগ, বাড্ডা থানার সামনের বিশাল সড়কটি সাঁতারকুল ইউনিয়নে গিয়ে পৌঁছার কথা। এতে সাঁতারকুল ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগ সহজ হয়ে যাবে। কিন্তু সড়কটির প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। এটাকেও ভূমিদস্যুদের ষড়যন্ত্র বলে চিহ্নিত করে এলাকাবাসী। কেননা সড়কটি হলে ভেতরের নিচু জমিগুলোর দাম বেড়ে যাবে। ভূমিদস্যুরা তাই এ সড়কটির প্রক্রিয়া বন্ধ করে রেখেছে বলে অভিযোগ এলাকাবাসীর। বেরাইদ ইউনিয়ননেই গ্যাস ও পানির লাইনমাটির চুলায় জ্বলছে বাঁশের লাকড়ি। রান্না করছিলেন হাজেরা বেগম। তিনি বলেন, ‘চুলায় রান্না করার ঝামেলা অনেক। আগুন নিভে যায়। ধোঁয়ায় চোখ জ্বালা করে। আবার লাকড়ির অনেক দাম। আমাদের এখানে গ্যাসের চুলা দরকার।’ দু-একটি বাড়ি ছাড়া অন্য কোথাও গ্যাসের সংযোগ নেই।বেরাইদ ইউনিয়নে ওয়াসার পানির ব্যবস্থা নেই। এতে অনেকেই চাপকল থেকে পানি তুলছে আবার কেউ বসিয়েছে পাম্প। কিন্তু চাপকল থেকে অনেক সময়ই পানি উঠতে চায় না। ‘সবাই কি আর পাম্প বসাইতে পারে। গরিব মাইনসের ভাত জোগাড় করাই কঠিন আবার পাম্প, যাদের টাকা আছে তারা বসাইছে। অন্যরা চাপকল থেকেই পানি তুলছে।’ বলছিলেন বেরাইদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফকিরখালী গ্রামের বাসিন্দা শাহীবুর। এই ওয়ার্ডের মানুষ বেরাইদ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে প্রায়-বিচ্ছিন্ন। প্রধান সড়ক থেকে আঁকাবাঁকা একটি সরু সড়ক দিয়ে যেতে হয় ইউনিয়নের অন্যান্য এলাকাগুলোয়। কিন্তু মাঝপথে রয়েছে একটি বাঁশের সাঁকো। ফলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে। বর্ষার ভরা মৌসুমে এ গ্রামের জনগণকে নৌকায় যাতায়াত করতে হয়। বাঁশের সাঁকোর জায়গায় একটি ব্রিজ থাকলে চলাচলে কিছু সুবিধা হতো। এখন এই এলাকায় হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কোনো রিকশা কিংবা টেম্পো কিছুই যায় না এ সড়কে। এ গ্রামের বাসিন্দা শাহীবুর জানান, তাঁদের বাজারে যেতে কিংবা ছেলেমেয়েদের স্কুলে আসতে এ সড়কটি ব্যবহার করতে হয়। রোদের মধ্যে কষ্ট করে অনেকেই স্কুলে যেতে চায় না।বেরাইদ ইউনিয়নের ভেতরের প্রধান সড়কটি সরু। অন্যান্য সড়কে রিকশাও চলাচল করতে পারে না। এসব সড়কের চওড়া বাড়ানো দরকার। চারপাশে নদী ও জলাশয় থাকায় মশার উপদ্রব বেশি। ইউনিয়নে স্বাস্থ্যসেবার কোনো ব্যবস্থা নেই। খেলার জন্য মাঠ নেই। ডুমনী ইউনিয়নচাপ কলই ভরসা!‘আমাদের এলাকায় সবার আগে যেটা প্রয়োজন, তা হচ্ছে গ্যাস। মাটির চুলায় অনেক সমস্যা আছে। চুলা বাইরে থাকায় বৃষ্টির সময় কিছু রান্না করা যায় না। আবার ওয়াসার পানিরও প্রয়োজন রয়েছে। খিলক্ষেতের পর আমাদের ইউনিয়নে গ্যাস-পানির কোনো সংযোগ দেওয়া হয়নি। শহরের পাশে থেকেও মনে হয় কয়েক শ কিলোমিটার দূরে গ্রামে পড়ে আছি।’ বলছিলেন ডুমনী ইউনিয়নের তলনা গ্রামের বাসিন্দা আবদুল হক।ডুমনী ইউনিয়নে এখনো উন্নয়নের কোনো ছোঁয়া তেমন একটা লাগেনি। প্রধান সড়ক ছাড়া আর কোনো সড়ক পাকা হয়নি। এগুলোর বেশির ভাগ কাঁচা, কোনো কোনোটায় ইট বিছানো হয়েছে। ইউনিয়নের ভেতরে প্রধান সড়কগুলোর চওড়া বাড়ানো দরকার। সড়ক এত সরু যে দুটি টমটম পাশাপাশি যেতে পারে না। এ রকম পরিস্থিতিতে একটাকে দাঁড়িয়ে থাকতে হয়। তারপর অন্যটা পাশ কাটিয়ে চলে যায়। এলাকায় টমটম, সিএনজিচালিত অটোরিকশা কিংবা লেগুনা ছাড়া যাতায়াতের আর কোনো ব্যবস্থা নেই। এখানকার লেগুনাগুলোতে চলাচলও ঝুঁকিপূর্ণ। একটা লেগুনায় জনা চারেক যাত্রী ঝুলতে দেখা গেছে। যেকোনো সময় এসব লেগুনা উল্টে দুর্ঘটনা ঘটতে পারে।ডুমনী ইউনিয়নের বালু নদ জায়গায় জায়গায় ভরাট করা হচ্ছে। প্রভাবশালী হওয়ায় এলাকাবাসী তাদের বিরুদ্ধে কিছু করতেও সাহস পাচ্ছে না। ইমরান হোসেন নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘যত বৃষ্টিই হোক না কেন, আমাদের ইউনিয়নের কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয় না। পানি নেমে যেতে পারে। কিন্তু এভাবে নদী ভরাট করলে তো একসময় জলাবদ্ধতায় ডুবতে হবে।’ডুমনী ইউনিয়ন পরিষদের নিজস্ব কোনো ভবন নেই। অস্থায়ীভাবে একটা ঘর ভাড়া নিয়ে চলছে পরিষদের কাজ। এলাকাবাসী নির্দিষ্ট ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের দাবি করে। ইউনিয়নে নেই কোনো সরকারি স্বাস্থ্যসেবা। কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যেতে হয় উত্তরায়।