ইউনূস অবৈধ হলে এই সরকারও অবৈধ: খালেদা
বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অভিযোগ করেছেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মুহাম্মদ ইউনূস অবৈধ হলে এই সরকারও অবৈধ। কেননা এরা একটি অবৈধ সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় এসেছে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার গুলশানের একটি রেস্তোরাঁয় বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘নোবেল পুরস্কার পাওয়ার মতো কোনো কাজ প্রধানমন্ত্রী করেননি। তবে নির্যাতনের ওপর যদি কাউকে নোবেল দেওয়া হতো তাহলে তিনি এই পুরস্কার পেতেন। বর্তমান প্রধানমন্ত্রী নারী নির্যাতনে, বিরোধী দলকে দমন-নিপীড়নসহ সব ধরনের নির্যাতনে ব্যাপক ভূমিকা রেখেছেন।’খালেদা জিয়া বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে বেশি উত্সাহী। এই পুরস্কার পেলে তিনি শান্ত হবেন। যদিও তিনি নোবেল পাওয়ার জন্য কিছুই করেননি। অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূস নারীদের জন্য কাজ করেছেন। নিজ যোগ্যতাবলে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার সম্মানীয় ব্যক্তিদের মর্যাদাহানি করছে। বিএনপি ক্ষমতায় গেলে সম্মানিত ব্যক্তিদের সম্মান ফিরিয়ে দেবে। বিরোধীদলীয় নেতা দাবি করেন, এখন দেশে নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি। বর্তমান অবস্থা মোকাবিলায় তিনি নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা নারী। বিভিন্ন পরীক্ষায় মেয়েরা ফলাফল ভালো করছে। এর সবই ইতিবাচক। কিন্তু তার পরও নারীরা নানাভাবে নির্যাতনের স্বীকার হচ্ছে। কিন্তু এই সরকার তা বন্ধে একেবারেই উদাসীন। তিনি বলেন, নারীদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না। এ জন্য নারীদের বাইরে বেরিয়ে আসতে হবে। কাজ করতে হবে। আর সরকারকে মেয়েদের জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে।