ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংকের সব ক্ষমতা ফিরিয়ে দেব: মওদুদ
ইউনূস আসলেই একজন রাজনীতিবিদ: অর্থমন্ত্রী (ভিডিও)
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণফোনের সম্পর্ক নেই বলে যে দাবি করেছেন, তা সত্য নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, এ-সংক্রান্ত তথ্যপ্রমাণ ১৫ দিনের মধ্যে তাঁদের কাছে আসতে পারে।আজ বুধবার সংসদে এক অনির্ধারিত আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘গ্রামীণের সামাজিক ব্যবসার প্রতিষ্ঠানগুলো সবই ইউনূসের ব্যক্তিগত প্রতিষ্ঠান। তিনি সম্মানিত ব্যক্তি। তার পরও বলতে বাধ্য হচ্ছি, তিনি আসলেই একজন রাজনীতিবিদ।’ ড. ইউনূসের পদত্যাগের পর গ্রামীণ ব্যাংকের উন্নতি হয়েছে বলেও অর্থমন্ত্রী জানান। অধিবেশনের শুরুতে বিএনপির জ্যেষ্ঠ সাংসদ মওদুদ আহমদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় বলেন, ‘গ্রামীণ ব্যাংকের কাঠামো বিকেন্দ্রীকরণের চেষ্টা সরকারের জন্য আত্মঘাতী হবে। কাঠামোর পরিবর্তন করলে প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে। আমরা ক্ষমতায় গেলে গ্রামীণ ব্যাংকের সব ক্ষমতা ফিরিয়ে দেব। স্বাধীনতা দেব।’প্রায় এক ঘণ্টা ধরে মওদুদ আহমদের কথার জবাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।অর্থমন্ত্রী বলেন, ‘যে বিষয় নিয়ে এত হইচই, গ্রামীণ কমিশন আমার কাছে এসেছিল অভিমত নিতে। আমি বলেছি অভিমত দেব না। তাদের নিজেদের মতো কাজ করতে বলেছি। তাদের কিছু প্রস্তাব ছিল। একটি সেমিনার করার কথা আছে। যেখানে ইউনূস সাহেব মধ্যমণি। তিনি দাওয়াত পেয়েছেন কি না, জানি না। কিন্তু উনি এর মধ্যে সরকারকে চাপ দেওয়ার জন্য একটা প্রেস কনফারেন্স করেছেন।’গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোন সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেব স্টেটমেন্ট দিয়েছেন—গ্রামীণফোনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের কোনো সম্পর্ক নেই, বক্তব্যটি মিথ্যা। তিনি গ্রামীণ ব্যাংকের বোর্ডের অনুমতি আর টাকা নিয়ে এই প্রকল্প শুরু করেন। নরওয়েতে এর তদন্ত হয়েছে। পরে উনি টাকা ফেরত দেন। গ্রামীণ ব্যাংক বোর্ডের জিম্মায় সোরাস নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেন। সোরাস সম্পর্কে সবাই জানেন, মালয়েশিয়াকে ধ্বংস করার ব্যবস্থা নিয়েছিল।’অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেবের কোম্পানিগুলোর পরিচালক ছিলেন তাঁর তিন ভাই। বাকি কয়েকজনকে উনি নিয়োগ করেন, যাঁরা কোনো লভ্যাংশ নেন না। গ্রামীণফোন তাঁকে কয়েক হাজার কোটি টাকা লভ্যাংশ দিয়েছে। ৯৫-৯৬ সালে তিনি কাগজে-কলমে ঘোষণা দিয়েছিলেন, গ্রামীণের নারীরা হবেন এর স্বত্বাধিকারী। কিন্তু তাঁরা কোনো লভ্যাংশ পান না। গ্রামীণের সামাজিক ব্যবসার প্রতিষ্ঠানগুলো সবই ইউনূসের ব্যক্তিগত প্রতিষ্ঠান। এ-সংক্রান্ত একটি তদন্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে আমাদের কাছে আসবে। হাতে আসার পর আমি সেটা এখানে তুলব।’সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে পারে নাসমস্যার সূচনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে নরওয়ে টেলিভিশন গ্রামীণফোন ও গ্রামীণ ব্যাংক নিয়ে নিউজ করে। ইউনূস সাহেব আমাকে জানালেন, বিষয়টি ১৯৯৯ সালে নিষ্পত্তি হয়েছে। তিনি আমাদের একটি তদন্ত কমিটি করতে বললেন। কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে তদন্ত কমিটি না করে রিভিউ কমিটি করা হয়। বয়স ষাটের বেশি হলেও এ সময় তিনি বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন। তিনি সম্মানিত বলে ভয়ে বোর্ডের কেউ কিছু বলেন না। ১৯৯৯ সালে বোর্ডের সিদ্ধান্তে ইউনূস সাহেবকে অনির্দিষ্টকালের জন্য গ্রামীণের ব্যবস্থাপনা পরিচালক করা হয়। তাতে বলা হয়েছে, ষাট বছরের পর তিনি অবসরে যাবেন।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা ইউনূস সাহেবকে বললাম, তাঁকে কোনো না কোনো উপায়ে গ্রামীণ ব্যাংকের সঙ্গে রেখে দেব। তিনি আমাদের পরামর্শে রাজি হলেন না। তিনি জানালেন, যাঁকে চেয়ারম্যান করা হয়েছে, তাঁকে তিনি পছন্দ করেন না। তিনি কোর্টে গেলেন। রায়ে তিনি পদত্যাগ করেন এবং গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কাজ শুরু করেন।’অর্থমন্ত্রী বলেন, ‘এই সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে পারে না। ইউনূস সাহেব তিনটি বছর ধরে বিশ্বব্যাপী “ডিফেন্ড ইউনূস” কমিটি করেছেন এবং সব জায়গায় বলে বেড়াচ্ছেন, সরকার গ্রামীণ ব্যাংককে গ্রাস করতে চাচ্ছে। আমি বিদেশ থেকে আমার সহকর্মীদের চিঠি পাই। অনেককে আমি জবাব দিয়েছি। জবাব পাওয়ার পর তাঁরা আর কিছু বলেননি।’ইউনূস ছাড়ার পর গ্রামীণ ব্যাংক অনেক উন্নত হয়েছেপদত্যাগ করার পর থেকেই ড. ইউনূস গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কাজ শুরু করেন বলে অর্থমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইউনূস সাহেব প্রথমে সবাইকে বললেন, তাঁদের আমানত প্রত্যাহার করে নিতে। কাউকে বললেন, তোমাদের চাকরি শেষ, রাস্তায় আন্দোলন কর। তিনি আরও বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি, ইউনূস সাহেব ছাড়ার পর গ্রামীণ ব্যাংক অনেক উন্নত হয়েছে। উনি সময় দিতে পারতেন না। বোর্ড সভা হতো না, সিদ্ধান্ত হতো না। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তাঁর সময়ের চেয়ে অনেক বেড়েছে। গত ডিসেম্বরের হিসাব অনুযায়ী দেশের ব্যাংকিং খাতে ক্ষুদ্র ঋণের অংশগ্রহণ ছিল ৩৩ হাজার কোটি টাকা, যেটা ইউনূস সাহেবের সময় ১৬ হাজার কোটিতে থেমে ছিল।’অর্থমন্ত্রী আরও বলেন, ‘১৯৯৮ সালের বন্যায় গ্রামীণ ব্যাংক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তখন সরকার ৪০০ কোটি টাকা দিয়ে সহায়তা করেছিল। জাতিসংঘে মাইক্রোক্রেডিট রেজুলেশন গ্রহণ করার ভূমিকাও এই সরকারের। গ্রামীণ ব্যাংকের চরিত্র পরিবর্তনের কোনো উদ্দেশ্য সরকারের নেই।’