ইউনূস এখনো গ্রামীণ ব্যাংকের এমডি : রোকনউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপ না নেওয়া পর্যন্ত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আছেন ও থাকতে পারবেন বলে মনে করেন তাঁর আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, যতক্ষণ না পর্যন্ত পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, ততক্ষণ পর্যন্ত ইউনূস আছেন। আজ শুক্রবার বিকেলে গুলশানের নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ইউনূসের এমডি পদে থাকার সুযোগ নেই অ্যাটর্নি জেনারেলের মত সম্পর্কে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি মনে করি এটা তার ব্যক্তিগত মত।’রোকনউদ্দিন মাহমুদ এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বাংলাদেশ ব্যাংক ২ মার্চ এক চিঠিতে ইউনূসকে অব্যাহতি দেওয়ার কথা বলে। চিঠিতে পরিচালনা পর্ষদকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়। তাহলে ওই চিঠি কার্যকর করলে বোর্ডকে করতে হবে। পরবর্তী পদক্ষেপ কী হবে সে ব্যাপারে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেবে। রোকনউদ্দিন মাহমুদ আরও বলেন, আইনের দৃষ্টিতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সরকারের বক্তব্য রাখার সুযোগ নেই। কোনো কিছু শূন্য রাখা যায় না। তিনি বলেন, ওই চিঠিতে বলা হয়নি এখনই দায়িত্ব বুঝিয়ে দেন। কত দিনের মধ্যে সভা ডাকতে হবে—এটাও বলা হয়নি। ইউনূসকে চেয়ারম্যান নিয়োগের অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, এ অনুরোধ বিবেচনার এখতিয়ার সরকারের। কারণ, চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ও অব্যাহতির ক্ষমতা সরকারের রয়েছে। পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করার ব্যাপারে তিনি বলেন, ‘এ জন্য পূর্ণাঙ্গ রায় দেখতে হবে। রায় দেখে বলতে পারব রিভিউ হচ্ছে কি না। তবে এখানে রিভিউ করার মতো অনেক উপাত্ত থাকবে।’