ইউনূস নিজে সুবিধা নেননি ব্যাংকের নানা অনিয়ম
গ্রামীণ ব্যাংকের সুদের হার দেশের প্রথম সারির ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে কম।নরওয়েজিয়ান টেলিভিশনে গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনূসের ওপর প্রচারিত ‘ক্ষুদ্রঋণের ফাঁদে’ প্রামাণ্যচিত্রের বিষয়টিতে মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগতভাবে আর্থিক সুবিধা পাওয়ার কোনো তথ্য মেলেনি। বরং এ বিষয়ে নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট করপোরেশন (নোরাড), নরওয়ে ও বাংলাদেশ সরকারের মধ্যে অনেক আগেই সমঝোতা হয়েছে। তবে গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম ক্ষমতাবহির্ভূত ছিল। গ্রামীণ ব্যাংক নিয়ে সরকার-গঠিত পর্যালোচনা কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। কমিটি গতকাল সোমবার সকালে তাদের প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে জমা দিয়েছে।সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদনে বেশ কিছু অনিয়মের কথাও তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন দাতা ও ঋণদানকারী সংস্থা গ্রামীণ ব্যাংককে যে অর্থ দিয়েছে, তা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে নিয়মনীতি মানা হয়নি। গ্রামীণ ব্যাংকের তহবিল প্রথমে গ্রামীণ ফান্ড ও গ্রামীণ কল্যাণে নেওয়া হয়েছে। পরে এই দুই প্রতিষ্ঠান থেকে অন্তত ৪৬টি প্রতিষ্ঠানে অর্থ স্থানান্তর করা হয়েছে নিয়মনীতি অনুসরণ না করেই। যদিও এসব প্রতিষ্ঠানের ওপর গ্রামীণ ব্যাংকের কোনো মালিকানাস্বত্ব নেই।এই ৪৬ প্রতিষ্ঠানের মধ্যে অনেকগুলোতে অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে আবার কিছু প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান কার্যকরভাবে গড়েও ওঠেনি। প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান অনেক ক্ষেত্রে নিয়মনীতি বা এখতিয়ারবহির্ভূতভাবে গড়ে উঠেছে। গ্যারান্টি দিয়েও প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে; গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ অনুসারে যেগুলো বিধিবহির্ভূত।এসব কাজ গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুসারে আইনসম্মত হয়নি বলে মনে করে পর্যালোচনা কমিটি। বাংলাদেশে দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ বিতরণের জন্য দাতা এবং ঋণদানকারী বিদেশি কয়েকটি দেশ ও সংস্থা এই অর্থ গ্রামীণ ব্যাংককে দিয়েছিল। কমিটি এসব প্রতিষ্ঠানকে আইনি কাঠামোর মধ্যে আনতে সুপারিশ করেছে বলে জানা গেছে।সূত্র বলছে, পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে যে গ্রামীণ ব্যাংকের পর্ষদের নয়জন সদস্য প্রাতিষ্ঠানিকভাবে তেমন শিক্ষিত নয়। ব্যাংকের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ, দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ইত্যাকার বিষয় পর্যালোচনায় তাঁরা অংশগ্রহণও করতে পারেন না। আবার সরকারের তিনজন প্রতিনিধিকেও তেমনভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়নি কাগজপত্রে। তদন্ত কমিটি এই নয়জন পরিচালক কমিয়ে ছয়জন করা এবং তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের সুপারিশ করেছে। তাঁরা ক্ষুদ্রঋণ, গ্রামীণ অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ হবেন।গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ নামের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর ওপর সাড়ে তিন মাস পর্যালোচনা করে কমিটি প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদন পাওয়ার পর গতকাল অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার দেশের অন্যান্য ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থার চেয়ে ভালো। এ ছাড়া নোরাডের কাছ থেকে পাওয়া অর্থ অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের বিষয়ে নরওয়ে ও বাংলাদেশ সরকারের মধ্যে অনেক আগেই সমাধা হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, কমিটিকে যে কার্যপরিধি দেওয়া হয়েছিল, সে অনুযায়ী তারা প্রতিবেদন জমা দিয়েছে। এখন সরকার প্রতিবেদনটি দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে।অন্যদিকে কমিটির প্রধান অধ্যাপক এ কে মনোয়ার উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘কার্যপরিধি অনুসারে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে আমরা প্রতিবেদন জমা দিয়েছি। এখন এটা সরকারের সম্পদ, সরকারই ঠিক করবে তাদের করণীয়।’ তিনি বলেন, তাঁরা একটি চেকলিস্টও দিয়েছেন। বেশ কিছু বিকল্প সুপারিশ সেখানে রয়েছে।পরে প্রথম আলোকে মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ‘ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মধ্যে সমন্বয় বা এগুলোর বিষয়ে জাতীয় পর্যায়ে কোনো নীতিমালা নেই। কমিটি এমন একটি নীতিমালা তৈরি করতে সরকারের কাছে সুপারিশ করেছে, যে নীতিমালা তৈরি করতে সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে পরামর্শ করা হবে বলে কমিটি আশা করে।’ তিনি বলেন, এই নীতিমালার আওতায় আইন কাঠামো ও নিয়ন্ত্রক সংস্থার বিষয়টি আসবে।এদিকে, গতকাল গ্রামীণ ব্যাংক একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয় বিভাগের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনে যা বলা হয়েছে, তাতে সরকারি কমিটির প্রতিবেদনে নরওয়ের দাতা সংস্থা নোরাডের অনুদানের টাকায় কোনো অনিয়ম হয়নি এবং গ্রামীণ ব্যাংকের সুদের হার বাংলাদেশের অন্যান্য ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থার চেয়ে কম। প্রতিবেদনে এই দুটি প্রকৃত সত্য বের হয়ে আসায় গ্রামীণ ব্যাংকের সব কর্মী, সদস্য, গ্রাহক ও শুভানুধ্যায়ী স্বস্তি বোধ করছেন। কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর অন্যান্য বিষয়ে ব্যাংকের বক্তব্য থাকলে সেটা পরবর্তী সময়ে জানাতে পারবে বলেও বিজ্ঞপিতে বলা হয়েছে।প্রসঙ্গত, গ্রামীণ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনা ও অবস্থান সম্পর্কে জানার জন্য সরকার গত ১০ জানুয়ারি পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পর্যালোচনা কমিটি গঠন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে মনোয়ার উদ্দিন আহমেদের নেতৃত্বে এই কমিটিতে ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা, সাবেক ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বেগম রোকেয়া দীন, বিআইবিএমের সাবেক অধ্যাপক ও কলামিস্ট আর এম দেবনাথ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহসীন রশীদ।জানা যায়, কমিটি গ্রামীণ কল্যাণের তহবিল স্থানান্তর বিষয়ে নরওয়েজিয়ান টেলিভিশন, নরওয়ে কর্তৃপক্ষের বক্তব্য, বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হওয়া সংবাদ পর্যালোচনা, গ্রামীণ নামের সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানের তালিকা এবং এর সঙ্গে গ্রামীণ ব্যাংকের আন্তসম্পর্ক, গ্রামীণ ব্যাংকের ঋণ ও আমানতের সুদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থার সুদ পর্যালোচনা এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬ ও গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ পর্যালোচনা করে তাদের সুপারিশ তৈরি করেছে।নিয়ন্ত্রক সংস্থা: একটি সূত্র জানায়, কমিটি তাদের প্রতিবেদনের সুপারিশে গ্রামীণ ব্যাংককে পুরোপুরি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আওতায় আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে সরকারকে পরামর্শ দিয়েছে। তারা বলেছে, ঋণ বিতরণকারী যেকোনো সংস্থার একটি নিয়ন্ত্রক সংস্থা থাকা প্রয়োজন। সম্পদের ব্যবহার নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠায় এটা প্রয়োজন। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত। অন্যদিকে দেশে ক্ষুদ্রঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর কাজ তদারকি ও নিয়ন্ত্রণের জন্য মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬ দিয়ে নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠা করা হয়। কমিটি মনে করে, প্রয়োজনীয় আইনি সংশোধনের মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংককে এই প্রতিষ্ঠানের আওতায় আনা দরকার।কমিটি সূত্র বলছে, বর্তমানে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সুযোগ রয়েছে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কাজে হস্তক্ষেপের। বিশেষত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৪ ও ৪৫ ধারা এ ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। কমিটি মনে করে, এমআরএর আওতায় গ্রামীণ ব্যাংককে আনতে আইনি সংস্কার করা হলে এই দুই ধারা প্রয়োগের জন্য ইতিপূর্বে জারি করা সরকারি গেজেটটি বাতিল করা যেতে পারে।ঋণের সুদ: প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের বিতরণ করা ঋণের কার্যকর সুদের হার ২০ শতাংশ। তবে ঋণ নেওয়ার আগেই ঋণ বীমার ফি পরিশোধে বাধ্যবাধকতা, বাধ্যতামূলক সঞ্চয়, কেন্দ্রঘর নির্মাণের চাঁদা ইত্যকার বিষয় বিবেচনা করে সুদের হার সর্বোচ্চ ২৭ দশমিক ০৫ শতাংশ পর্যন্ত হয়। তবে দেশের প্রথম সারির ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থাগুলো, যেমন—ব্র্যাক, আশা, টিএমএসএস, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ব্যুরো বাংলাদেশ—এদের ক্ষেত্রে সবকিছু হিসাবে নিলে সুদের হার ৩০ শতাংশের ওপরে বা কাছাকাছি। বলে জানায় সূত্রটি। সেই বিবেচনায় গ্রামীণ ব্যাংকের চেয়ে এসব এনজিওর সুদের হার বেশি।নোরাডের তহবিল স্থানান্তর: সূত্র জানায়, গ্রামীণ কল্যাণের তহবিল স্থানান্তর বিষয়ে নরওয়েজিয়ান টেলিভিশন, নরওয়ে কর্তৃপক্ষের বক্তব্য, বাংলাদেশের গণমাধ্যমে তা প্রকাশ ও প্রচারিত হওয়া সংবাদ পর্যালোচনা করে কমিটি বলেছে, নরওয়ে সরকার নোরাড কর্তৃক গ্রামীণ ব্যাংককে দেওয়া অনুদানের অর্থ হস্তান্তর বিষয়ে উত্থাপিত অভিযোগটি নিষ্পত্তি করেছে। অর্থ স্থানান্তরের বিষয়টি গ্রামীণ ব্যাংকের এখতিয়ারের মধ্যে না থাকলেও তাতে তহবিল কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার হয়েছে তা বলা যায় না। কমিটি মনে করে, কর ছাড় পেতে অনুদানের অর্থ অন্য প্রতিষ্ঠানে দিয়ে তা আবার একই প্রতিষ্ঠানে ফেরত আনার যে দৃষ্টান্ত তৈরি করা হয়েছে, তা গ্রামীণ ব্যাংকের এখতিয়ারবহির্ভূত কাজ।গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের ৪৬ প্রতিষ্ঠান: সূত্র জানায়, কমিটির পর্যালোচনায় গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুযায়ী গ্রামীণ ফান্ড, গ্রামীণ কল্যাণসহ অন্যান্য সহযোগী প্রতিষ্ঠান গঠন বিধিসম্মত হয়নি, যে কারণে গ্রামীণ ব্যাংকের পর্ষদ মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক পদে দায়িত্ব পালনে অনুমতি দিতে পারে না। কিন্তু মুহাম্মদ ইউনূস ২০০৩ সাল পর্যন্ত অনুমোদন ছাড়াই অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্ষদ তাঁকে ২০ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে কার্যোত্তর অনুমোদনও দেয়।গ্রামীণ ব্যাংকের তহবিল দিয়ে গ্রামীণ ফান্ড ও গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠিত হয়েছে। আবার এই দুই প্রতিষ্ঠানের অর্থায়নে তৈরি হয়েছে অন্যান্য প্রতিষ্ঠান। কমিটির পর্যালোচনায় বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩ অনুসারে এসব প্রতিষ্ঠান গঠন ও অর্থায়ন গ্রামীণ ব্যাংকের ক্ষমতাবহির্ভূত কাজ হয়েছে।উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের অর্থ এসেছে আইএফএডি, নোরাড, সিডা (সুইডেন), সিডা (কানাডা), ইউএসএআইডি, ফোর্ড ফাউন্ডেশনসহ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে পাওয়া ঋণ ও অনুদান থেকে। এসব অনুদানের উদ্দেশ্য ছিল ক্ষুদ্রঋণ বিতরণ ও দারিদ্র্য বিমোচন সহায়ক প্রকল্পে ঋণ বা মূলধন জোগানো।এসব সামগ্রিক বিষয়ে মতামত চাওয়া হলে অধ্যাপক মনোয়ার উদ্দিন আহমেদ বলেন, ‘বিস্তারিত বিষয়ে আমি বলতে চাই না। তবে আমাদের বিবেচনা হলো, আমরা ইতিবাচকভাবে প্রতিষ্ঠানকে রক্ষা করে আমাদের সুপারিশ তুলে ধরেছি। একই সঙ্গে চ্যালেঞ্জিং ক্ষেত্র ও বিধিবিধানের ব্যত্যয়গুলো তুলে এনেছি।’