ইউনূস নিয়ে উভয় আবেদন আপিল বিভাগে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজাদেশ প্রত্যাহার চেয়ে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের করা আবেদনটি ভ্রান্ত ধারণা থেকে করা হয়েছে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংক্ষিপ্ত এ আদেশ দেন। এ আদেশের পর গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব হস্তান্তরের ব্যাপারে অধ্যাপক ইউনূস ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশের অপেক্ষায় আছেন।এদিকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নয়জন নির্বাচিত সদস্য গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার দাবি জানিয়েছেন। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের কর্মচারী সমিতি একই দাবি জানিয়ে বলেছে, অন্যথায় আগামী দুই সপ্তাহের মধ্যে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। আদালতের আদেশ: গতকাল দেওয়া আদেশে বলা হয়েছে, প্রত্যাহারের (রিকল) আবেদন করা হয়েছিল। সংবিধানের ১০৪ অনুচ্ছেদের ক্ষমতা অনুযায়ী আবেদনটি শোনা হয়েছে। উভয় আবেদন খারিজ করা হলো। আদেশের অনুলিপি পাওয়ার পর পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইউনূসের আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আদেশের পর ইউনূসের পদে থাকার সুযোগ নেই।গতকাল দু-তিন মিনিটে সংক্ষিপ্ত আদেশ পড়ে শোনান প্রধান বিচারপতি। এ সময় আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাস, রোকনউদ্দিন মাহমুদ, সারা হোসেন, মুস্তাফিজুর রহমান খান ও তানিম হোসেইন শাওন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন তৌফিক নেওয়াজ। আদেশের পর: ইউনূসের আইনজীবী কামাল হোসেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অব্যাহতির চিঠির আইনগত কোনো ভিত্তি নেই বলেই হাইকোর্টে প্রতিকার চাইতে এসেছিলাম। কারণ, চিঠিটি মৌলিক অধিকারের লঙ্ঘন।’ হাইকোর্টের রায়ে তিনটি ভুল রয়েছে উল্লেখ করে কামাল হোসেন বলেন, ‘সংবিধানের ৩১ অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেই অধিকার লঙ্ঘিত হলে কেউ হাইকোর্টে আসতে পারেন। স্বাধীন বিচার বিভাগের কাছে প্রতিকার চাইতে পারেন। স্বাধীন বিচার বিভাগ সরকারের অঙ্গ নয়।’ জ্যেষ্ঠ এই আইনজীবী আরও বলেন, ‘৫২ বছর ধরে আইন পেশায় আছি। রুল ইস্যু না করে রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের রায় নজিরবিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। কিন্তু এ ধরনের নজিরবিহীন রায়ের কথা শুনিনি। একবিংশ শতাব্দীর নতুন সাংবিধানিক অধিকার শিখতে আমাকে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।’অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রাষ্ট্রকে ছাপিয়ে ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা বড় হতে পারে না। রায়ের মাধ্যমে এই নীতি প্রতিষ্ঠিত হলো। ব্যক্তি নয়, রাষ্ট্রই চিরদিন থাকবে। আপিল বিভাগের আদেশের পর এমডি পদে ড. ইউনূসের দায়িত্ব পালন না করাই ভালো। অনেক আগেই তাঁর এই পদ থেকে চলে যাওয়া উচিত ছিল। তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ নেই ইউনূসের। আইনে মনোনীত পরিচালকদের মধ্য থেকেই একজন চেয়ারম্যান হবেন।অপর আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, হাইকোর্ট আদেশে বলেছেন, ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারা অনুসারে ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কৌঁসুলি বলেছেন, ৪৫ ধারা অনুসারে তাঁকে অব্যাহতি দেওয়া হয়নি। তাহলে বাংলাদেশ ব্যাংক কোন আইনের ক্ষমতাবলে এই অব্যাহতির আদেশ দিল। নয় পরিচালকের পক্ষে সারা হোসেন বলেন, ‘দেশে আইনের শাসন আছে, এটা ভেবেই আমরা আদালতে এসেছিলাম। এখন আশঙ্কা হচ্ছে, দেশে আইনের শাসন না ক্ষমতার শাসন। যারা বলেছে, দেশে আইনের শাসন আছে, তাদের কাছে জানতে চাই, কীভাবে দেশে আইনের আসন আছে। এটা কি জনগণের জন্য।’প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে ইউনূসকে অব্যাহতি দেয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক ৩ মার্চ হাইকোর্টে দুটি রিট আবেদন করলে ৮ মার্চ হাইকোর্ট তা সরাসরি খারিজ করেন। এর বিরুদ্ধে পৃথক লিভ টু আপিল করা হলে ৫ এপ্রিল আপিল বিভাগে তাও খারিজ হয়। ওই দিনই আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) খারিজের অস্বাক্ষরিত আদেশ প্রত্যাহার করে পুনরায় শুনানির জন্য ইউনূস আপিল বিভাগে আবেদন করেছিলেন। ওই আবেদনে নয় পরিচালকের করা লিভ টু আপিল একসঙ্গে শুনানির আরজি জানানো হয়েছিল। গ্রামীণ ব্যাংকের উদ্বেগ: গতকাল পাঠানো গ্রামীণ ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত তথ্য ও গণমাধ্যম সমন্বয়) উম্মে কুলসুম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের নির্বাচিত বোর্ড সদস্য, ঋণগ্রহীতা, কর্মকর্তা-কর্মচারী সবাই সর্বোচ্চ আদালতের রায়ে মর্মাহত হয়েছেন। তাঁরা সবাই ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব হস্তান্তরের ব্যাপারে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশের অপেক্ষায় আছেন। পরিচালনা পর্ষদের দাবি: ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নয়জন নির্বাচিত সদস্য। তাঁরা হলেন—রহিমা বেগম, নাছিমা বেগম, জ্যোৎস্না বেগম, আনোয়ারা, মোছাম্মৎ রোজিনা বেগম, মোছাম্মৎ জুলেখা বেগম, মজিদা বেগম, সুন্দরী বেগম ও মোছাম্মৎ সাফিয়া বেগম। পর্ষদ সদস্যরা বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তাঁর সারা জীবনের সব ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে তিলে তিলে গড়া আজকের এই গ্রামীণ ব্যাংক। আমাদের কাছ থেকে কেউই তাঁকে বিচ্ছিন্ন করতে পারবে না। আমরা যত দিন বেঁচে আছি, তাঁর সঙ্গে থাকব। তিনি যত দিন বেঁচে আছেন, আমাদের সঙ্গে থাকবেন। সরকারের কাছে অনুরোধ করছি যেন তাঁকে অবিলম্বে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ করে ব্যাংকটিকে রক্ষা করার সুযোগ দেয়।’পর্ষদ সদস্যরা আরও বলেন, ‘আমরা নবম পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্য। গ্রামীণ ব্যাংকের ৮৩ লাখ সদস্যের মধ্য থেকে নির্বাচিত হয়ে এসেছি। আমরাই গ্রামীণ ব্যাংকের ৯৬ দশমিক ৫০ শতাংশের মালিক। সে হিসাবে এই ব্যাংক পরিচালনার দায়িত্ব মূলত আমাদেরই।’ আন্দোলনের হুমকি: গতকাল বিকেলে মিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়ার দাবি জানান প্রতিষ্ঠানের কর্মচারী সমিতির নেতারা। অন্যথায় আগামী দুই সপ্তাহের মধ্যে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। তাঁদের আশঙ্কা, মুহাম্মদ ইউনূস ছাড়া গ্রামীণ ব্যাংক ধ্বংস হয়ে যাবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সাফি মঞ্জুর। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক সভাপতি ছাগির উর রশীদ চৌধুরী। কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মহসীন রেজাসহ পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন। ছাগির উর রশীদ চৌধুরী বলেন, দাবি না মানলে সরকারের কোনো মনোনীত ব্যক্তিকে গ্রামীণ ব্যাংক এলাকায় ঢুকতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলনে কর্মচারী সমিতির নেতারা অভিযোগ করেন, গ্রামীণ ব্যাংক থেকে কর্মচ্যুত কমকর্তা-কর্মচারীরা বিভিন্ন এলাকায় গিয়ে আমানতকারীদের কিস্তি ফেরত না দিতে উৎসাহিত করছেন। একই সঙ্গে সরকার তার মনোনীত ব্যক্তিকে দিয়ে গ্রামীণ ব্যাংক ধ্বংস করার পাঁয়তারা করছে।সংবাদ সম্মেলন চলাকালে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের বাইরে চাকরিচ্যুত ব্যক্তিরা পুনর্বহালের দাবিতে সমাবেশ করেন। এর আগে সকাল থেকে গ্রামীণ ব্যাংকসহ সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। হতাশ ফ্রেন্ডস অব গ্রামীণ: রায়ে গভীর হতাশা ব্যক্ত করেছে ফ্রেন্ডস অব গ্রামীণ। একই সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে সংগঠনটি। গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মারিয়া নোয়ক বলেন, ‘গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত।’ এ ছাড়া গ্রামীণ ব্যাংকসংক্রান্ত পর্যালোচনা কমিটির প্রতিবেদনের সুপারিশসমূহের সমালোচনা করেন মারিয়া নোয়ক। এতে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা-কর্মকাণ্ড ধ্বংস হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।