ইউনূস-বিতর্ক এবং দেশের মর্যাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের একটি তহবিল সরানোর বিষয়ে নরওয়ের দাতা সংস্থা নোরাডের সঙ্গে যে মতবিরোধ, সেটির নিষ্পত্তি হয়েছিল ১৯৯৮ সালেই। কিন্তু ওই বিরোধসংক্রান্ত চিঠি চালাচালি দেখানো হয় গত ৩০ নভেম্বর নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষের (এনআরকে) টেলিভিশনে প্রচারিত প্রামাণ্যচিত্র ‘ক্ষুদ্রঋণের ফাঁদে’ (কট ইন মাইক্রো ডেট)। ‘প্রান্তিক মানুষের ভাগ্য ফেরাতে পারেনি ক্ষুদ্রঋণ’—এটিই ছিল ডেনিশ সাংবাদিক টম হাইনম্যানের প্রামাণ্যচিত্রের মূল প্রতিপাদ্য। প্রামাণ্যচিত্রটি প্রচারের এক দিন পর, প্রায় এক যুগ আগে সুরাহা হয়েছে এমন একটি বিষয়কে উপজীব্য করে সংবাদ প্রচার করতে থাকে দেশের গণমাধ্যমের একটি বড় অংশ। যেখানে দেখানো হয়, গরিব মানুষের তহবিল সরিয়ে গুরুতর অপরাধ করেছেন নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কার পাওয়া টম বেশ কয়েক বছর আগে নিষ্পত্তি হওয়া বিষয়টির কেন অবতারণা করছেন, সেটি প্রশ্নবিদ্ধ। তেমনি প্রশ্নের জন্ম দেয়, ওই প্রামাণ্যচিত্রের খণ্ডিত অংশকে কেন্দ্র করে দেশের একটি অনলাইন বার্তা সংস্থার সংবাদ প্রচার। আর ওই সংবাদকে ভিত্তি করে অন্য গণমাধ্যমগুলো গ্রামীণ ব্যাংককে নিয়ে অসত্য প্রতিবেদন প্রচার করে। এটা বলার অপেক্ষা রাখে না যে প্রামাণ্যচিত্র নির্মাণের শুরু থেকে তা প্রচার পর্যন্ত গ্রামীণ ব্যাংকের নীরবতা এ ঘটনার পেছনে অনেকখানি দায়ী। টম প্রথম আলোকে জানান, দীর্ঘ ছয় মাস চেষ্টা করেও তিনি অধ্যাপক ইউনূসের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেশে ফেরার পর গত ১২ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি স্বীকার করেছেন যে বিদেশ সফরে থাকায় তাঁর পক্ষে টমকে সময় দেওয়া সম্ভব হয়নি।তবে সবকিছুকে ছাপিয়ে গেছে গ্রামীণ ব্যাংকের বিষয়টিতে সরকারের প্রতিক্রিয়া। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। গ্রামীণ ব্যাংকের তহবিল সরানোর বিষয়ে জানতে চাইলে গত ৬ ডিসেম্বর তিনি তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংকের তহবিল সরানোর অভিযোগ তদন্ত হওয়া উচিত। দরিদ্র মানুষকে দেখিয়ে শুধু টাকা নিয়ে আসা হয়েছে। গ্রামীণ ব্যাংককে এমনভাবে কবজা করা হয়েছে, যেন এটা ব্যক্তিসম্পত্তি। এরও তদন্ত হওয়া উচিত।’ প্রধানমন্ত্রী যেভাবে ড. ইউনূসের সমালোচনা করেছেন, তাতে বিষয়টি তিনি অনেক দূর নিয়ে গেছেন। অথচ আমাদের অনেকের হয়তো মনে আছে, ১৯৯৭ সালে ওয়াশিংটনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিশ্ব ক্ষুদ্রঋণ সম্মেলন। ক্ষুদ্রঋণ বিস্তারে বাংলাদেশের পথিকৃতের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন ও স্পেনের রানি সোফিয়ার সঙ্গে সম্মেলনে কো-চেয়ারের দায়িত্ব পালন করেন। ক্ষুদ্রঋণ-ব্যবস্থার পক্ষে সম্মেলনে জোরালো যুক্তি উপস্থাপন করেছিলেন শেখ হাসিনা। অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্বের নানা প্রান্তে অনুসৃত হচ্ছে তাঁর দারিদ্র্য বিমোচনের ধারণা। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি সম্মানিত হলেও দেশে তিনি এখন সমালোচনার মুখোমুখি হয়েছেন। তিনি কিংবা তাঁর প্রতিষ্ঠান সমালোচনার ঊর্ধ্বে এবং ত্রুটিমুক্ত হয়তো নয়। এ কথা তো অনস্বীকার্য যে নোবেল শান্তি পুরস্কার বিজয়সহ তাঁর আন্তর্জাতিক পুরস্কার লাভ ও স্বীকৃতি বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। তাই মুহাম্মদ ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংককে খাটো করা মানেই নিজেদের খাটো করা। বাংলাদেশকে খাটো করা। পাশাপাশি দেশের এক বিশিষ্ট নাগরিক ও তাঁর গড়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন সব অভিযোগ তুলে আমরা প্রশ্নবিদ্ধ করছি নোবেল কমিটি, ভারতীয় লোকসভা, মার্কিন কংগ্রেস, মার্কিন প্রেসিডেন্টসহ বিশ্বের অনেক শীর্ষ নেতৃত্বকে, যাঁরা অধ্যাপক ইউনূসকে সম্মানিত করেছেন, যাঁরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে প্রকারান্তরে বাংলাদেশকে বিশেষভাবে সম্মানিত করেছেন।