সাংবাদিকদের সৈয়দ আশরাফ
ইউনূস বিষয়ে প্রধানমন্ত্রী সম্মানজনক সমাধান চান, তবে একতরফা সম্ভব নয়
ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে প্রধানমন্ত্রী সব সময়ই সম্মানজনক সমাধান চেয়েছেন। তবে এটা একতরফা সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে।গতকাল মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে সংবাদ ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংশোধন, অর্থনৈতিক অবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে সৈয়দ আশরাফের সঙ্গে দলের দপ্তর সম্পাদক এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন। গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সৈয়দ আশরাফ বলেন, ‘ড. ইউনূসের বিষয়ে আমরা আদালতে যাইনি। আমরা সব সময়ই সৌহার্দ্যপূর্ণ সমাধান চেয়েছিলাম। বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন। এ নিয়ে বেশি আলোচনা করলে আদালত অবমাননা হতে পারে।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিবকে উদ্ধৃত করে বলেন, ইউনূসের বিষয় নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে কেবল ক্ষুদ্রঋণ নিয়ে সম্পর্ক নয়, এটা বহুপক্ষীয় সম্পর্ক। যুক্তরাষ্ট্রের যেসব কর্মকর্তা বাংলাদেশে এসেছেন এবং ব্যক্তিগত পর্যায়ে আলোচনা করেছেন, তাতে তাঁরা এমন কোনো ইঙ্গিত দেননি যে ইউনূসের বিষয় নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হবে।সংবিধান সংশোধন নিয়ে এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘তিয়াত্তর সালের সংবিধানে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া ছিল। এটা বর্তমান সংবিধানে রাখা হবে। তবে স্বাধীনতার ঘোষক বিষয়ে তিয়াত্তর সালের সংবিধানে কিছু ছিল না। এখন এ বিষয়ে কিছু থাকবে কি না, জানি না। আমিও সংবিধান সংশোধন কমিটির সদস্য। যেসব বৈঠকে আমি ছিলাম, ঘোষক প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা হয়নি। সংবিধানের সংশোধনী সংসদে উপস্থাপন করা হলে এ বিষয়ে কিছু থাকে কি না, জানতে পারবেন।’ নারী নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাঁরা এ নিয়ে হইচই করছেন, তাঁরা নারী নীতি পড়ে দেখেননি। যদি পড়তেন, তাহলে তাঁরা এসব করতেন না। তবে একসময় তাঁরা জনগণ থেকে প্রত্যাখ্যাত হবেন।মন্ত্রিসভায় রদবদলসংক্রান্ত এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, ‘১৯৯৬ সালে সরকার গঠনের সময় একমাত্র আবদুস সামাদ আজাদ ছাড়া কারও মন্ত্রিত্বের পূর্ব-অভিজ্ঞতা ছিল না। এমনকি প্রধানমন্ত্রীরও ওই পদে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না। এবারের মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রীর পূর্ব-অভিজ্ঞতা আছে। প্রধানমন্ত্রীর নিজেরও প্রধানমন্ত্রী হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে। সুতরাং বর্তমান মন্ত্রিসভা ১৯৯৬ সালের মন্ত্রিসভার চেয়েও অভিজ্ঞ। দলের কেন্দ্রীয় কমিটির অভিজ্ঞতা-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আবারও তিনি প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, যাঁরা দলের দুঃসময়ে থাকেন, তাঁরাই সত্যিকারের অভিজ্ঞ। অবশ্য খন্দকার মোশতাক আহমদেরও অভিজ্ঞতা কম ছিল না।সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ জানান, এবারের মুজিবনগর দিবসে প্রধানমন্ত্রী মুজিবনগরে যাবেন। তিনি সেখানে দিবসের কার্যক্রমের উদ্বোধন করবেন। কয়েক দিনের মধ্যে দলের উপদেষ্টামণ্ডলীর বৈঠক হবে বলেও তিনি জানান।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর ও কাজী জাফরউল্লাহ বলেছেন, তাঁরা এক-এগারোর সময় নির্যাতিত হয়েছেন। কিন্তু কোনো বিচার হলো না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, চেয়ারে বসে দেখেন। বাস্তবতার মুখোমুখি হন। কঠিন চ্যালেঞ্জ। তিনি বলেন, বাইরে থেকে অনেক কিছু বলা যায়। সরকারের অভ্যন্তরে অনেক চ্যালেঞ্জ। এটা এক-এগারোর সময় যেমন ছিল, এখনো আছে। এক-এগারোর কুশীলবদের সঙ্গে অনেক রাজনৈতিক নেতার সহযোগিতাও ছিল। এটা আওয়ামী লীগ ও বিএনপি—দুই দল থেকেই।