ইউনূস বিষয়ে হাইকোর্টের রায় নজিরবিহীন: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের আদেশের ভিত্তি না থাকায় আমরা হাইকোর্টে রিট করেছিলাম। হাইকোর্ট বলেছেন, রিট করার এখতিয়ার নেই। এটা আইনের সম্পূর্ণ পরিপন্থী।’ হাইকোর্টের রায়ে তিনটি মহা ভুল হয়েছে উল্লেখ করে কামাল হোসেন বলেন, সংবিধানের ৩১ অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। সেই অধিকার লঙ্ঘিত হলে কেউ হাইকোর্টে আসতে পারেন। স্বাধীন বিচার বিভাগের কাছে প্রতিকার চাইতে পারে। স্বাধীন বিচার বিভাগ সরকারের অঙ্গ নয়। আদালত থেকে বেরিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি কক্ষের সামনে অনানুষ্ঠানিকভাবে তিনি সাংবাদিকদের কাছে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। জ্যেষ্ঠ এ আইনজীবী আরও বলেন, অপর পক্ষ লিখিত বক্তব্য দেয়নি। ইউনূসের অব্যাহতি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংক ও অ্যাটর্নি জেনারেলের বক্তব্য পরস্পরবিরোধী। তিনি বলেন, ‘৫২ বছর যাবত্ আইন পেশায় আছি। রুল ইস্যু না করে রিট খারিজ করে দেওয়া হাইকোর্টের রায় নজিরবিহীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি। কিন্তু এ ধরনের নজিরবিহীন রায়ের কথা শুনিনি। একবিংশ শতাব্দীর নতুন সাংবিধানিক অধিকার শিখতে আমাকে আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।’সাংবাদিকেরা আদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে ড. কামাল বলেন, ‘আমি সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইব। ১৬ কোটি মানুষের প্রতিক্রিয়া চাইব। জনগণ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। হাইকোর্টের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।’রিভিউ আবেদন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, আবেদন খারিজ করেছেন। আদেশ দেখলে কারণগুলো দেখা যাবে। আদেশ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।