ইউনূস যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা চেয়েছিলেন
তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিতে আসার চেষ্টার কারণে ক্ষমতায় আসার পর থেকেই ড. মুহাম্মদ ইউনূসকে সন্দেহের চোখে দেখা শুরু করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। আর এ ব্যাপারটি বুঝতে পেরেই ২০০৯ সালে গ্রামীণ ব্যাংকে নিজের কর্তৃত্ব ধরে রাখার জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা আশা করেছিলেন শান্তিতে নোবেলজয়ী এই বাংলাদেশি অর্থনীতিবিদ। গত ৩০ আগস্ট বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস করা ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটনে পাঠানো এক তারবার্তায় এমন তথ্যই উঠে এসেছে। এই তারবার্তাটির শুরুতেই ঢাকার মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নিকোলাস ডিন মন্তব্য করেছেন, ‘নিজের দেশে কখনোই কোনো নবী (প্রফেট) সম্মান পায় না।’ এখানে তিনি ইউনূস সম্পর্কেই এই মন্তব্য করেছিলেন।তারবার্তাটির একপর্যায়ে বলা হয়, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব ছিল মুহাম্মদ ইউনূসের কাছে। সে সময় শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তারা চেয়েছিলেন আওয়ামী লীগ ও বিএনপির বাইরে ইউনূসকে দিয়ে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে। তত্ত্বাবধায়ক সরকারের অনেকেই সে সময় মনে করেছিলেন ক্ষুদ্রঋণের জনক হিসেবে বিশ্বব্যাপী মুহাম্মদ ইউনূসের যে ভাবমূর্তি, সেটাকে বাংলাদেশের রাজনীতিতে কাজে লাগিয়ে দুর্নীতি ও পরিবারতন্ত্রের রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসতে। ইউনূসও সে সময় একটি রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু করেছিলেন। কিন্তু বিতর্কের মুখে তিনি সেই ইচ্ছা ত্যাগ করেন।তারবার্তার একপর্যায়ে বলা হয়েছে, বাংলাদেশে কেউই রাজনীতির বাইরে নন। ২০০৮ সালে ডিসেম্বর মাসের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। তখন শিগগিরই এটা পরিষ্কার হয় যে নতুন সরকার প্রফেসর ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংককে সহায়তা সরতে আগ্রহী ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি অধ্যাদেশ জারি করা হয়, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদই এর চেয়ারম্যান নিয়োগ করবে। এর আগে সরকারই গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের চূড়ান্ত ক্ষমতাধারী ছিল। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধ্যাদেশটি সংশোধন করে ইউনূস সম্পর্কে তাঁর অসন্তুষ্টি প্রকাশ করেন। আগের নিয়মই বহাল রাখেন। একটি নার্স প্রশিক্ষণ স্কুলের অনুমোদনও দেওয়া হয়নি।মূলত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের চেষ্টার কারণেই মুহাম্মদ ইউনূসের ওপর আওয়ামী লীগের সরকার রুষ্ট বলে এই তারবার্তায় উল্লেখ করা হয়। ইউনূসের ব্যাপারটি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আলোচনা হয়েছিল বলে ওই তারবার্তা থেকে জানা যায়। এই বৈঠকে দুজনই (প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী) গ্রামীণ ব্যাংকের দুর্নীতিতে ইউনূস জড়িত বলে অভিযোগ তোলেন।তারবার্তায় আরও জানা যায়, নিজেকে নিয়ে সরকারের অসন্তোষের বিষয়টি জেনেই মুহাম্মদ ইউনূস এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে রাষ্ট্রদূত মরিয়ার্টিকে অনুরোধ করেছিলেন। ২০০৯ সালের ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মরিয়ার্টি বিষয়টি উত্থাপন করেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে একেবারেই শীতল প্রতিক্রিয়া পান তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেই বৈঠকে ইউনূসের প্রসঙ্গে সেখানে উপস্থিত সরকারের একজন উপদেষ্টা মন্তব্য করেন, ‘ইউনূস একজন অকৃতজ্ঞ।’ সেই উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাই গ্রামীণফোনের ব্যাপারে ইউনূসকে সাহায্য করেছিলেন।’ সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুহাম্মদ ইউনূসের সঙ্গে আমাদের হয়তো কাজ করা হবে না। তবে কোনো ব্যাপারে আমরা তাঁকে বাধাও দেব না।’উইকিলিকসে প্রকাশিত তারবার্তায় জানা যায়, ঢাকা সফরে এসে ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মেলান ভারভিয়ারও প্রধানমন্ত্রীর কাছে ইউনূসের বিষয়টি তোলেন। এ সময় মেলান ভারভিয়ার ড. ইউনূস ভালো কাজ করছেন উল্লেখ করে জানান, ড. ইউনূস বাংলাদেশে একটি নার্সিং স্কুল চালু করার পরিকল্পনা করছেন। কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রী জানান, স্বাস্থ্য খাত সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার খাত। বেসরকারি খাতের যে কেউ নার্সিং স্কুল চালু করতে চাইলে সরকার সহায়তা করবে। পরের দিন ভারভিয়ারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ইউনূসের কড়া সমালোচনা করে তাঁর সামনে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিভিন্ন নিয়ম ভঙ্গের বিষয় তুলে ধরেন।দুজনের একান্ত সেই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন। তিনি গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদের হারের সমালোচনা করেন। নতুন গ্রাহক আকৃষ্ট করা আর ঋণের কিস্তি তুলে আনতে গ্রামীণ ব্যাংক ‘নিষ্ঠুর পদ্ধতি’ প্রয়োগ করে বলে অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন যে ড. ইউনূস নিয়ম ভঙ্গ করেছেন। নিরীক্ষা কার্যক্রমসহ আইনকানুন ঠিকমতো পরিপালন করেননি। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তাঁর (মুহাম্মদ ইউনূস) এ ধরনের দুর্নীতিপরায়ণ কার্যক্রমের কারণে নোবেল পুরস্কার দেওয়ার জন্য বাংলাদেশের অনেক মানুষ হতাশ হয়েছেন। তবে তাঁর এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের নেতারা অনুধাবন করতে পেরেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিযোগ করে বলেন, ২০০৪ সালের বোমার আঘাতে আহত শেখ হাসিনাকে তিনি (মুহাম্মদ ইউনূস) দেখতে যাননি।সেই সফরের সময় রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিকে সঙ্গে নিয়ে ভারভিয়ার মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করেন। সেই বৈঠকে সরকারের অভিযোগ সম্পর্কে তাঁকে জানানো হয়। সেই বৈঠকে সরকারের বিভিন্ন অভিযোগ খণ্ডন করেন ইউনূস। এ সময় তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ৮০ লাখ ঋণগ্রহীতা রয়েছে। এ পর্যন্ত আট বিলিয়ন মার্কিন ডলার ঋণ বিতরণ করেছে, যা ৯৫ শতাংশের বেশি ফেরত এসেছে। তিনি ও গ্রামীণ ব্যাংক নিরীক্ষা কার্যক্রমসহ সব আইনই মেনে চলেছেন। তিনি তাঁদের বলেন, ‘খুব সম্ভবত শেখ হাসিনা মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় দুই নেত্রীকে সরানোর পরিকল্পনায় আমারও হাত ছিল।’তারবার্তাটিতে জানা যায়, সে সময় মুহাম্মদ ইউনূস শেখ হাসিনা সম্পর্কে একটি মন্তব্যও করেছিলেন। মন্তব্যটি ছিল অনেকটা এমন, ‘ওনার ভাবভঙ্গিই হলো “হয় এপার নয়তো ওপার”। মাঝামাঝি কোনো অবস্থান নেই তাঁর কাছে।’ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে অবসর নেওয়ার নিজের ইচ্ছার কথাও জানিয়েছিলেন মার্কিন কূটনীতিকদের। তিনি বলেছিলেন, ‘আমি অবসর নিতে চাই। কিন্তু গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের অমত থাকায় তা নিতে পারছি না।’ তিনি তাঁর একজন উত্তরসূরি ঠিক করার কথাও বলেছিলেন। তবে সেই ‘উত্তরসূরি’কে সরকার তাদের দলে ভাগিয়ে নিয়ে গেছে বলেও মন্তব্য করেন ইউনূস। তিনি আরও বলেন, ‘সেই “উত্তরসূরি” এখন আমার বিরুদ্ধেই কাজ করছে।’