ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রীর মন্তব্য দলের নয়
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে মন্তব্য করেছেন, তা দলের নয়। ড. ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে যেভাবে সংযুক্ত আছেন, এতে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভালো ভূমিকা রাখতে পারেন। তিনি যদি সেটা রাখেন, তাহলে বুঝব সত্যিকার অর্থেই তিনি দেশকে ভালোবাসেন।’আজ শুক্রবার বেলা পৌনে একটার দিকে কুষ্টিয়া শহরে শ্রী গোপীনাথ জিউর মন্দিরে পূজা উদযাপন পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে হানিফ সাংবাদিকদের এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘দেশে এত উন্নয়ন হচ্ছে, সেটা ইউনূসের কারণে পৃথিবীর কোথাও প্রাধান্য পায় না।’রামু ও উখিয়ায় বৌদ্ধমন্দিরে হামলার প্রসঙ্গে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জামায়াতের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। ওই নেতা স্বীকারোক্তি দিয়েছেন। তাঁর স্বীকারোক্তিতে প্রমাণিত হয়েছে, জামায়াত পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। আর এ হামলায় জামায়াতের সঙ্গে বিএনপি কতটা সম্পৃক্ত আছে, তা তদন্তে বের হয়ে আসবে।’হানিফ বলেন, আশা করা যাচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে বিচারাধীন জামায়াতের শীর্ষ নেতাদের রায় ঘোষণা হবে। আর এ রায়কে বানচালের জন্যই জামায়াত-শিবির দেশে তাণ্ডব চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি অনুপ কুমার নন্দী, কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সদর উদ্দিন খানসহ বিভিন্ন উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।