ইউনূসকে অপমান করা হয়েছে: বিল ক্লিনটন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বলেছেন, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস পরিস্থিতির শিকার হয়েছেন। তাঁর আবিষ্কৃত ক্ষুদ্রঋণের মাধ্যমে কোটি কোটি মানুষ নিজ পায়ে দাঁড়াতে শিখেছে। অথচ সেই লোকটিকে বাংলাদেশে অপমান করা হয়েছে।দারিদ্র্য-বিপর্যস্ত ঝুঁকিপূর্ণ বিশ্বের মানুষের জীবনমানের উন্নয়ন ও চ্যালেঞ্জবিষয়ক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্লিনটন এ কথা বলেন।গতকাল বুধবার ম্যানহাটনে বিশ্বের অন্যতম বৃহত্তম মানবকল্যাণ সংস্থা রকফেলার ফাউন্ডেশন ‘ইনভেনশন ২০১১ ফোরাম’ শীর্ষক ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিশ্বের বিভিন্ন দেশের অনুকরণীয় ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়।এতে মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. পল ফারমার, এজিটি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ম্যাথি কচাবি, ম্যারি রবিনসনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যারি রবিনসনস, রকফেলার ফাউন্ডেশনের প্রধান ড. জুডিট রডিন প্রমুখ।অনুষ্ঠানে বিশ্বমানবতার কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিল ক্লিনটনকে রকফেলার ফাউন্ডেশনের আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয়।রাত আটটার দিকে ক্লিনটন অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় অনেকেই তাঁর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ঘিরে ধরেন। এ অবস্থায় গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস সম্পর্কে তাঁর মন্তব্য জানতে চাওয়া হলে তিনি উপরিউক্ত মন্তব্য করেন।ক্লিনটন বলেন, ‘ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে বয়সের কারণ দেখিয়ে সরানো হয়েছে। কিন্তু এটাই আসল কারণ বলে আমরা মনে করি না। তাঁকে অপসারণের প্রধান কারণ হচ্ছে পরশ্রীকাতরতা ও প্রতিহিংসা। শান্তিতে নোবেলজয়ী একজন নিরস্ত্র ব্যক্তির বিরুদ্ধে সরকারের এই অবস্থান আন্তর্জাতিক সমাজে কখনো গ্রহণীয় হবে না।’ক্লিনটন বলেন, ‘আরকানসাসের গভর্নর থাকা অবস্থায় আমি নিজে ড. ইউনূসকে নিয়ে এসে সেখানে ক্ষুদ্রঋণ কর্মসূচি চালু করেছিলাম। সেটা এখন যুক্তরাষ্ট্রের একটি জনপ্রিয় কর্মসূচি। আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় এর যত ধরনের পৃষ্ঠপোষকতা প্রয়োজন, সেটা করেছি। আমাদের জন্য একটা আনন্দের বিষয় হলো প্রেসিডেন্ট ওবামা নিজেও ড. ইউনূসের একজন অনুরাগী। প্রেসিডেন্ট ওবামা এই কর্মসূচিকে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউনূসকে বিশ্ববাসী আজীবন স্মরণ করবে। ইতিহাসের পাতা থেকে কেউ তাঁর নাম মুছতে পারবে না। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর সবার উদ্দেশে দেওয়া ভাষণেও ক্লিনটন গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণের কথা উল্লেখ করেন।মূল প্রবন্ধের ওপর আলোচনায় ড. ইউনূস বলেন, বর্তমান ও আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি, অবকাঠামো এবং উদ্ভাবনের সমন্বয় করতে হবে। এ জন্য বিশ্বের সৃজনশীল সমাজকে ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়নের আহ্বান জানান ক্লিনটন।অনুষ্ঠান শেষে বিল ক্লিনটন নিজে এগিয়ে এসে জড়িয়ে ধরেন ড. ইউনূসকে। এ সময় তাঁরা কুশলাদি বিনিময় করেন। অনুষ্ঠানে ব্র্যাকের প্রধান ড. ফজলে হাসান আবেদও আমন্ত্রিত ছিলেন। ক্লিনটন তাঁর সঙ্গেও মতবিনিময় করেন।