ইউনূসকে অপসারণে মার্কিন সিনেটর জন কেরির উদ্বেগ
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে যেভাবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাতে যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান জন কেরি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওয়াশিংটন থেকে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ বিষয়ে তাঁর উদ্বেগের কথা জানান। জন কেরি বলেন, মুহাম্মদ ইউনূসকে যেভাবে সরানো হয়েছে, তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। কেরি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমি আশা করি, গ্রামীণ ব্যাংকের স্বায়ত্তশাসন ও কার্যকারিতা অব্যাহত রাখতে উভয় পক্ষ একটি আপসরফায় পৌঁছাতে সক্ষম হবে।’প্রভাবশালী ওই মার্কিন সিনেটর আরও বলেন, গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাঁর মতে, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্য দিয়ে মুহাম্মদ ইউনূস দারিদ্র্য নিরসন ও নারীর ক্ষমতায়নে অবদান রেখে আন্তর্জাতিক বিশ্বের নজর কেড়েছেন এবং বিশ্ববাসীর অকৃত্রিম শ্রদ্ধা অর্জন করেছেন। ইউএনবি।