ইউনূসকে অপসারণে রবার্ট ব্লেকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বলেছেন, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণের বিষয়টি উদ্বেগজনক। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের ম্যারিয়ট হোটেলে বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।রবার্ট ব্লেক ছাড়াও খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেনের সঙ্গেও হোয়াইট হাউসে বৈঠক করেন। এ সময় তাঁরা ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।ব্লেকের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে সফররত বিরোধী দলের নেতা বলেন, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সম্পর্ক সরাসরি হলে তা উভয় দেশের জন্য কল্যাণকর হবে। তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ক অকৃত্রিম। বর্তমান সময়ে এ সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে দুই দেশের সম্পর্ক সরাসরি হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বাঞ্ছনীয় নয়।বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে খালেদা জিয়া বলেন, ‘প্রতিবেশীদের সঙ্গে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে ভারতকেই এগিয়ে আসতে হবে।’বৈঠকে মধ্যবর্তী নির্বাচনের প্রয়োজনীয়তার যুক্তিও তুলে ধরেন খালেদা জিয়া। তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন দিলেই পরিষ্কার হয়ে যাবে, সরকারের সঙ্গে জনগণ আছে কি না।বৈঠকে অন্যান্যের মধ্যে শমসের মবিন চৌধুরী, ড. ওসমান ফারুক, শওকত মাহমুদ, আবদুল আউয়াল মিন্টু, মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।