ইউনূসকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আজ শনিবার দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্তরের জনগণ মানববন্ধন করেছেন এবং স্থানীয় প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর চাঁদপুর: ইউনূসকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি চাঁদপুর শহরের শপথ চত্বরে আজ এক ঘণ্টা মানববন্ধন পালন করে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধনে সমিতির প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন। তাঁরা সরকার কর্তৃক অপসারণের চেষ্টা এবং ইউনূসকে হেয় প্রতিপন্ন করায় ক্ষুব্ধ বলে উল্লেখ করে অবিলম্বে এ অপতত্পরতা বন্ধের আহ্বান জানান।কক্সবাজার: গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ক্ষুদ্র ঋণের জনক মুহাম্মদ ইউনূসকে অপসারণের চেষ্টা এবং বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদে আজ বেলা ১১টায় কক্সবাজার শহরের প্রধান সড়কে সচেতন নাগরিক পরিষদের উদ্যোগে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে গ্রামীণ ব্যাংক সদস্য, আমানতকারী ও কর্মী অংশ নেন। জয়পুরহাট: জেলার গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও আমানতকারীদের উদ্যোগে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন শেষে জয়পুরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। রাজবাড়ী: গ্রামীণ ব্যাংক রাজবাড়ী আঞ্চলিক অফিস, সচেতন নাগরিক ও আমানতকারীরা শহরে শোভাযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালন করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।নোয়াখালী: বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনে গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি, গ্রাহক, আমানতকারীরা ইউনূসকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।ধরমপাশা (সুনামগঞ্জ): ধরমপাশা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে বেলা ১১টার দিকে মানববন্ধন করেছেন গ্রামীণ ব্যাংকের সদস্যা, আমানতকারী, এলাকার সচেতন নাগরিক ও কর্মীরা। বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর): ইউনূসকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা সদরে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের আমানতকারী, কর্মী, সদস্য ও এলাকার সচেতন নাগরিকেরা আজ সকালে এ মানববন্ধন করেন এবং স্মারকলিপি দেন।ডুমুরিয়া (খুলনা): খুলনা অঞ্চলে গ্রামীণ ব্যাংকের নয়টি শাখার উদ্যোগে ডুমুরিয়া সদরের খুলনা-সাতক্ষীরা মহাসড়কে শতাধিক নারী-পুরুষ আজ সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত মানববন্ধন করেন। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে ও স্বীয় পদে অবিলম্বে পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আজ দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্থানীয় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে উপজেলা সদরের ডাকবাংলো সড়কে দুপুর ১২টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা, কর্মচারী ও আমানতকারী অংশ নেন। পরে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তাঁদের দাবি সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়। নবাবগঞ্জ (ঢাকা): দুপুরে নবাবগঞ্জ উপজেলা গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক সৈয়দ মো. জিয়াউদ্দিনের নেতৃত্বে কাশিমপুর কার্যালয় থেকে একটি মৌন মিছিল নিয়ে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ ছাড়া গাজীপুর, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, পঞ্চগড়, মেহেরপুর ও যশোরে ইউনূসকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে মানববন্ধনের খবর পাওয়া গেছে।