নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বরিশালে ছাত্রলীগ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গ্রামীণ ব্যাংকের শিক্ষাঋণপ্রাপ্ত শিক্ষার্থী, তাঁদের পরিবারের সদস্য ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গ্রামীণ ব্যাংকের কল্যাণে তাঁরা পড়াশোনার সুযোগ পাচ্ছেন। মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ করা হলে তাঁদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে।যশোরে মানববন্ধনে অংশ নেওয়া এক অভিভাবক বলেন, তাঁর ছেলে সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ে। সংসারে অভাব-অনটন থাকায় ছেলের পুরো মাসের খরচ বহন করা তাঁর পক্ষে দুঃসাধ্য ছিল। গ্রামীণ ব্যাংকের শিক্ষাঋণ পাওয়ায় সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়া সহজ হয়েছে। কোনো কারণে এতে বাধার সৃষ্টি হলে ছেলের পড়ালেখা চালিয়ে যাওয়া কঠিন হবে।মানববন্ধন শেষে অনেক স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।বরিশাল: প্রত্যক্ষদর্শী ও গ্রামীণ ব্যাংক সূত্র জানায়, গ্রামীণ ব্যাংকের শিক্ষাঋণপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীরা পুলিশের অনুমতি নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে ব্রজমোহন কলেজের সামনে মানববন্ধন করার প্রস্তুতি নেন। এ সময় ব্রজমোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মঈন তুষার কয়েকজন কর্মীকে নিয়ে কর্মসূচিতে বাধা দেন ও মানববন্ধনে অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেন। একপর্যায়ে তাঁরা শিক্ষাঋণপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেন। পরে বেলা ১১টার দিকে নগরের সিঅ্যান্ডবি রোডে সংক্ষিপ্ত পরিসরে কর্মসূচি পালন করা হয়।গ্রামীণ ব্যাংকের বাকেরগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক আবু তাহের প্রথম আলোকে বলেন, গ্রামীণ ব্যাংকের বরিশাল, বাবুগঞ্জ, উজিরপুর, গৌরনদী, স্বরূপকাঠি, ঝালকাঠি, বাকেরগঞ্জসহ ওই অঞ্চলের ৮০টি শাখা থেকে ব্রজমোহন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থীকে শিক্ষাঋণ দেওয়া হয়েছিল। এসব শিক্ষার্থী মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে কলেজের সামনে মানববন্ধন করার জন্য দাঁড়ান। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন ব্যক্তি সেখানে এসে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অকথ্য ভাষায় গালাগাল করে ব্যানার কেড়ে নেয়।ছাত্রলীগের নেতা মঈন তুষার বলেন, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ অসৎ উদ্দেশ্যে ও কলেজের স্বাভাবিক পরিস্থিতি উত্তপ্ত করার পরিকল্পনা নিয়ে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করতে চেয়েছিল। কলেজ অধ্যক্ষের অনুমতি ছাড়া ক্যাম্পাসে মানববন্ধন করার বিষয়টি মেনে নেওয়া যায় না। তাই তাদের বাধা দেওয়া হয়েছে।পীরগঞ্জ: প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় মানববন্ধনের সময় পীরগঞ্জ থানার পুলিশ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শোভাযাত্রাসহ উপজেলা পরিষদের দিকে চলে যান। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসাহাক আলী বলেন, ‘আমরা সরকারি কর্তব্য পালন করেছি।’গ্রামীণ ব্যাংক পীরগঞ্জ এরিয়া কার্যালয়ের আওতাভুক্ত পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও বোচাগঞ্জ উপজেলার সাত শতাধিক শিক্ষাঋণপ্রাপ্ত শিক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীরা কর্মসূচিতে অংশ নেয়।এ ছাড়া বাগেরহাট, কুমিল্লা, পঞ্চগড়ের বোদা, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, রাজবাড়ী, কুষ্টিয়া, নাটোরের গুরুদাসপুর, পটুয়াখালীর গলাচিপা, কক্সবাজারের চকরিয়া, ফরিদপুরের বোয়ালমারী, পাবনা, বেড়া, ঈশ্বরদী, দিনাজপুরের ফুলবাড়ী, চট্টগ্রামের হাটহাজারী, জয়পুরহাটের কালাই, নড়াইলের লোহাগড়া, সিরাজগঞ্জের উল্লাপাড়া, নীলফামারী, কিশোরগঞ্জ, ময়মসিংহের ঈশ্বরগঞ্জ, চাঁদপুর ও যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিরা]