ইউনূসকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না। তাঁর মতে, নোবেল বিজয়ী ইউনূসকে সরিয়ে দিয়ে সরকার আইনি পদক্ষেপ নিয়েছে। এ কারণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়াটা যৌক্তিক হবে না।ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে দীপু মনি গতকাল শুক্রবার তাঁর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মত দেন।অর্থ মন্ত্রণালয়ে গত বৃহস্পতিবার দাতা গোষ্ঠীর সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্রিফিং শেষে মরিয়ার্টি বলেছিলেন, ‘যে প্রক্রিয়ায় তাঁকে (ড. ইউনূস) সরিয়ে দেওয়া হয়েছে, তাতে আমার সরকার গভীরভাবে বিচলিত। আমরা চেয়েছিলাম, সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টির সুরাহা হোক। এখনো আমরা সেটাই চাই।’ কোন প্রেক্ষাপটে ইউনূসকে সরানো হলো, তা ব্যাখ্যা করতে অর্থমন্ত্রী ওই ব্রিফিংয়ের আয়োজন করেন।মরিয়ার্টির ওই বক্তব্যের পর যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানায়, মুহাম্মদ ইউনূস আগামী ৮ মার্চ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তাঁকে তাঁর গড়া প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হবে।সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এতে সরকারেরও অংশ আছে। এটি শুধু গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-ই নয়, ব্যাংক কোম্পানি আইনের আওতায় পরিচালিত হয়। যেসব আইনের মাধ্যমে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হয়, তার আলোকে ওই সিদ্ধান্ত (ইউনূসকে সরানো) নেওয়া হয়েছে। যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে চাই না। আমার জন্য এটি সমীচীন হবে না।’পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে। তাই আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, তিনি যে-ই হোন না কেন। কাজেই কোথাও আইনের ব্যত্যয় ঘটলে তা ঠিক করার দায়িত্ব সরকারেরই। গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পরিচালনায় ত্রুটি-বিচ্যুতি ঘটেছে কি না, তা একটি কমিটি দেখছে। কমিটি চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পরই জানতে পারব প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে আইন লঙ্ঘন হয়েছে কি না।’ তিনি বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত মুহাম্মদ ইউনূস সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁকে যুক্তরাষ্ট্র পুরস্কৃত করেছে। কাজেই এ ব্যাপারে তাঁদের উদ্বেগ থাকতেই পারে। এমনকি আন্তর্জাতিকভাবেও তাঁকে নিয়ে উদ্বেগ থাকতেই পারে।’সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা ব্যাপক। ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি নানা ক্ষেত্রে এ সম্পর্ক সম্প্রসারিত হয়েছে। শুধু দ্বিপক্ষীয় নয়, আন্তর্জাতিকভাবেও আমাদের সম্পর্কটা নিবিড়। তাই আমি মনে করি, বাংলাদেশ সরকারের কোনো আইনানুগ পদক্ষেপের কারণে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়া যৌক্তিক নয়।’ তিনি বলেন, ‘যেহেতু মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, আন্তর্জাতিকভাবে এর কিছু প্রতিক্রিয়া থাকতে পারে। কিন্তু আমি মনে করি না যে সে প্রতিক্রিয়া দ্বিপক্ষীয় বিদ্যমান সম্পর্কের ওপর কোনো ধরনের প্রভাব ফেলবে। এ ধরনের প্রতিক্রিয়া থাকা না থাকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি নির্ভর করে না।’