ইউনূসকে খালেদার অভিনন্দন
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হওয়ায় শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি চেয়ারপারসন এ অভিনন্দন জানান।অভিনন্দন বার্তায় খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশের কৃতী সন্তান ড. ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল দেওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। এই বিরল সম্মাননা অর্জনের মাধ্যমে তিনি দেশ ও জাতিকে আবারও বিশ্বসভায় সম্মানের আসনে অধিষ্ঠিত করলেন।’বার্তায় খালেদা জিয়া গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা, ক্ষুদ্রঋণ কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সামাজিক ব্যবসা উদ্ভাবনের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে ড. ইউনূসের অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘অর্থনৈতিক চিন্তা ও তত্ত্বকে মানুষের কল্যাণে বাস্তবে রূপায়ণের মাধ্যমে যখন একের পর এক আন্তর্জাতিক খ্যাতি ও সম্মান অর্জন করেছেন, সেই মুহূর্তে স্বদেশে সরকারিভাবে তাঁকে নানা রকম হেয়প্রতিপন্ন প্রয়াস ব্যথিত করে। এতে বিদেশে বাংলাদেশের ভাব-মর্যাদাও অনেক ক্ষুণ্ন হয়েছে।’ খালেদা জিয়া বলেন, জনগণের সমর্থনে আগামী দিনে দেশ সেবার সুযোগ পেলে তিনি উপযুক্ত মর্যাদা দিয়ে ড. ইউনূসের প্রজ্ঞা, জ্ঞান ও অভিজ্ঞতাকে জনগণের স্বার্থে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজে লাগাবার উদ্যোগ নেবেন।বিএনপির চেয়ারপারসন বলেন, এই সম্মাননা অর্জনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে অবদান রাখতে ড. ইউনূস আরও উত্সাহিত হবেন। একজন বাংলাদেশি কৃতী নাগরিককে এই বিরল সম্মানে ভূষিত করার জন্য বিরোধীদলীয় নেতা যুক্তরাষ্ট্রের কংগ্রেস, জনগণ ও প্রেসিডেন্ট বারাক ওবামাকে ধন্যবাদ জানান।