ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়তে বলেছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও ক্ষুদ্রঋণের প্রবক্তা মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের প্রধানের পদ থেকে অবসর নেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিবিসিকে বলেছেন, বেসরকারি ব্যাংকের নির্বাহী প্রধান হিসেবে অধ্যাপক ইউনূস তাঁর অবসরের স্বাভাবিক বয়ঃসীমা পেরিয়ে গেছেন।আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংকের পরবর্তী নির্বাহী এবং ব্যাংকটির কার্যক্রম পুনরায় নির্ধারণ প্রসঙ্গে সরকার প্রায় এক বছর আগে অধ্যাপক ইউনূসের সঙ্গে আলোচনা শুরু করেছে। অর্থমন্ত্রী বিবিসিকে বলেন, বাংলাদেশের আইনে কোনো বেসরকারি ব্যাংকের নির্বাহীর অবসরের বয়স ৬৫ বছর পর্যন্ত নির্ধারিত আছে। অধ্যাপক ইউনূস পাঁচ বছর আগে তাঁর সেই বয়স পেরিয়ে গেছেন। অর্থমন্ত্রী অধ্যাপক ইউনূসের উদ্দেশে বলেন, ‘তাঁর উচিত এটা পরিচালনার দায়িত্ব অন্যকে দিয়ে দেওয়া। কেননা, কেউ কখনো কোনো প্রতিষ্ঠানে সব সময় থাকতে পারেন না।’তবে বাংলাদেশে অনেক বছর ধরেই অবসর আইন প্রয়োগ করা হয় না বলেও অর্থমন্ত্রী স্বীকার করেন। গত বছর নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে গ্রামীণ ব্যাংক নিয়ে একটি তথ্যচিত্র প্রচারের পর প্রতিষ্ঠানটি আলোচনায় আসে। ওই তথ্যচিত্রে অভিযোগ করা হয়, অধ্যাপক ইউনূস ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে সাহায্যের অর্থ অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের অন্য প্রকল্পে স্থানান্তর করেছেন। তবে গ্রামীণ ব্যাংক এই অভিযোগ অস্বীকার করে।পরে নরওয়ে সরকার এক বিবৃতিতে জানায়, বিষয়টি আগেই মীমাংসা হয়ে গেছে। এর পরও বাংলাদেশ সরকার গত মাসে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি মূল্যায়ন কমিটি গঠন করে। অর্থমন্ত্রী বলেন, ‘আমি অধ্যাপক ইউনূসকে পরামর্শ দিয়েছি, মূল্যায়ন চলাকালে অস্থায়ীভাবে তাঁর পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়াই তাঁর জন্য ভালো হবে।’অর্থমন্ত্রী আরও বলেন, অধ্যাপক ইউনূস তাঁর পদ থেকে সরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি যদি এখন নিজেকে সরিয়ে নেন তাহলে সমগ্র গ্রামীণ ব্যাংক ভেঙে পড়বে। এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন অধ্যাপক ইউনূস।অর্থমন্ত্রী বিবিসিকে বলেন, অধ্যাপক ইউনূসের ব্যাপারে সরকারের এই পদক্ষেপ মোটেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়। তিনি বলেন, ‘এখানে ড. ইউনূস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বিরোধের কোনো প্রশ্ন নেই। এটা পুরোপুরি বাজে কথা।’মুহাম্মদ ইউনূস প্রায় তিন দশক আগে বাংলাদেশের গরিব জনগোষ্ঠীর মধ্যে ক্ষুদ্রঋণ প্রদানের উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন। সম্প্রতি ব্যাংকটির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিতর্ক ওঠে।