ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান করা হবে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত থেকে নিষ্পত্তি হয়ে যাওয়ার পর মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকে থাকার আর সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এমনকি তাঁকে চেয়ারম্যান করা হবে না বলেও জানিয়েছেন তিনি।অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এখন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করবেন। আইনে তা-ই বলা রয়েছে। উল্লেখ্য, গ্রামীণ ব্যাংকের বর্তমান ডিএমডি নূরজাহান বেগম।আজ বৃহস্পতিবার সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের পর্যালোচনা কমিটির প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী এ সময় আরও বলেন, মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানামত রয়েছে। তাই চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব হবে না। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের একটি সম্মানজনক উত্তরণ খুঁজে বের করা হবে। আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হবে আগামী তিন মাসের মধ্যে।অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেই বলেছিলাম, আদালতের রায়ের পর গ্রামীণ ব্যাংকের ওপর করা প্রতিবেদনটি প্রকাশ করব। আজ প্রকাশ করলাম। ইতিমধ্যেই ওয়েবসাইটে তা দেওয়া হয়েছে।’অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক পরিপূর্ণভাবে একটি সরকারি প্রতিষ্ঠান। কিন্তু মুহাম্মদ ইউনূস কখনোই তা মনে করেননি। তাঁর সঙ্গে একটাই আমার কথার তফাত।’ জনাব মুহিত বলেন, ‘সরকারি ব্যাংকের এমডিরা বিদেশে গেলে সরকারের অনুমোদন লাগে। প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে হয়। কিন্তু মুহাম্মদ ইউনূসের ক্ষেত্রে সরকার কোনো দিন তা করেনি। কারণ, আমরা তাঁকে সম্মান করি। তা ছাড়া কখনোই কোনোকিছু তাঁর ওপরে চাপিয়ে দেওয়া হয়নি।’এ এম এ মুহিত বলেন, আদালত প্রত্যাখ্যান করার পরও মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকে অফিস করছেন বলে শোনা যাচ্ছে। তাঁর আইনজ্ঞরা হয়তো রিভিউ হওয়ার কথা বলেছেন। কিন্তু রিভিউ হয় তখন, যখন কোনো রকম সন্দেহ থাকে। এ ক্ষেত্রে রিভিউ হবে না। কারণ, আদালত ইতিমধ্যেই রায় দিয়ে ফেলেছেন।’অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের তাঁদের চেয়ারম্যান নিয়োগের কোনো এখতিয়ার নেই। ব্যাংকটির পরিচালনা পর্ষদ পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এটি তেমনভাবেই চলবে, যেমনভাবে এত দিন চলে আসছিল।’এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সুপ্রিম কোর্টের রায় ও নির্দেশনার আলোকে গ্রামীণ ব্যাংক-সম্পর্কিত রিভিউ কমিটির প্রতিবেদন কোনোরূপ সম্পাদনা ছাড়াই আজ প্রকাশ করা হলো। প্রতিবেদনটি এখন সরকারি ওয়েবসাইট www.mof.gov.bd তে পাওয়া যাবে।প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে মনওয়ার উদ্দিন আহমেদকে প্রধান করে গত ১১ জানুয়ারি পাঁচ সদস্যের গ্রামীণ ব্যাংক পর্যালোচনা কমিটি গঠন করা হয়। গত ২৫ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে এ কমিটি একটি প্রতিবেদন দাখিল করে।