নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতি ব্যাংকটির কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সুনামগঞ্জ ও নোয়াখালী জেলায় পৃথক দুটি সংবাদ সম্মেলনে ব্যাংকের কর্মীরা এই আহ্বান জানান।আজ সুনামগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলার ২২০ জন গ্রামীণ ব্যাংক কর্মচারী ও দেড় লাখ গ্রাহকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি এই আহ্বান জানানো হয়। সম্মেলনে জেলা কর্মচারী সমিতির পক্ষে লিখিত বক্তব্যে আবুল খায়ের বলেন, মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রাণ। তাঁকে সরিয়ে দিলে পুরো প্রতিষ্ঠান ভেঙে পড়বে। গ্রামীণ ব্যাংকের ৮৩ লাখ গ্রাহক ও আমানতকারীরা আস্থাহীনতায় ভুগছেন।সম্মেলনে জেলা কর্মচারী সমিতির সভাপতি আলী হোসেন, সহসভাপতি রুবেল খান, সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।আজ দুপুরে ব্যাংকটির নোয়াখালী জোনের কর্মচারী সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে একই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নোয়াখালী জোনের কর্মচারী সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্ট গত ৫ মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের আপিল আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেওয়ায় ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও ৮৩ লাখ সদস্য গভীরভাবে মর্মাহত। আমরা আইনকে শ্রদ্ধা করি, তাই আদালতের রায় মেনে নিতে বাধ্য। তার পরও আমরা মনে করছি, সরকার এখনো ইচ্ছা করলে গরিবদের মালিকানার প্রতিষ্ঠানটিকে রক্ষা করার জন্য ইউনূসকে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে রাখা যেতে পারে।’ এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মমিনুল হক, জোনাল প্রতিনিধি মোতাহের হোসেন, লক্ষ্মীপুর এরিয়া প্রতিনিধি মাইন উদ্দিন, রিয়াজ আহমেদ প্রমুখ।