ইউনূসকে চেয়ারম্যান হিসেবে নিয়োগদানের আবেদন
নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার আবেদন জানিয়েছে চট্টগ্রাম অঞ্চলের গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতি। আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম অঞ্চলের গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সদস্যরা এই আবেদন জানান।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘আমরা মনে করি, এখনো সুযোগ আছে। সরকার ইচ্ছা করলে গরিবের মালিকানাধীন এ প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য ইউনূসকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ দিতে পারে।’সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত রাখা হলে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সুন্দর ও স্বচ্ছভাবে পরিচালিত হবে। কর্মী ও গ্রাহকদের মনোবল চাঙা হবে। তাঁর তিন দশকের বেশি অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য তাঁকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন।’লিখিত বক্তব্যে বলা হয়, ‘গ্রামীণ ব্যাংক এ মুহূর্তে কঠিন সংকটের মুখোমুখি। ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীর চোখেমুখে অন্ধকার। ৮৩ লাখ ঋণগ্রহীতা ও তাঁদের পরিবার অভিভাবকহীন। লাখ লাখ আমানতকারী আস্থাহীনতায় ভুগছেন।‘সরকার গঠিত রিভিউ রিপোর্টে যখন উল্লেখ করা হয়েছে, “ইউনূস কোনো আর্থিক অনিয়ম করেননি এবং বাংলাদেশের অপরাপর ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাগুলোর মধ্যে গ্রামীণ ব্যাংকের সুদের হার সবচেয়ে কম,” তখন আমরা আশান্বিত হয়েছিলাম। কিন্তু আপিল আবেদন খারিজ হয়ে যাওয়ায় ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী ও ৮৩ লাখ সদস্য গভীরভাবে মর্মাহত। এর পরও আইনকে শ্রদ্ধা করি বলে আমরা আদালতের রায় মানতে বাধ্য।’এই সংকটকাল থেকে গ্রামীণ ব্যাংকের উত্তরণের জন্য তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ইউনূসকে চেয়ারম্যান করার আবেদন জানান।