ইউনূসকে নামাতে গিয়ে সরকারই নেমে গেছে
নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস নিজ কর্মকাণ্ডের কারণে জীবদ্দশায় কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তাঁকে নামাতে গিয়ে সরকারই নিচে নেমে গেছে। এ বিষয়টিতে কেউ জেতেনি। ইউনূস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সবাই হেরেছে।‘ড. ইউনূস ও বাংলাদেশের ভাবমূর্তি সংকট’ শীর্ষক এক আলোচনায় বক্তারা আজ শনিবার এ অভিমত দেন। রাজনৈতিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান গ্রুপ ২০০৯ জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনার আয়োজন করে।গ্রুপ ২০০৯-এর সভাপতি ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ধানের শিষ পত্রিকার সম্পাদক সায়ন্থ সাখাওয়াত।গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ড. ইউনূসের সম্মান রক্ষার জন্য বক্তৃতা দিতে হবে ভাবিনি। কারণ নোবেল পুরস্কার বিজয়ের আগেই তিনি আমাদের দেশকে অন্য একটা জায়গায় নিয়ে গেছেন। আমাদের গর্বের কারণ হয়েছেন। কিন্তু যখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে ট্রিগার চাপা হয়, তখন আমাদের সন্দেহ জাগে।’ তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু অনেক মহানুভব মানুষ ছিলেন। তাই জাতির জনকের কন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ইউনূসের বিষয়টিতে মহানুভবতা দেখাতে পারেন না?সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, ‘ড. ইউনূস আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখিয়েছেন।’ তিনি বলেন, ‘আমাদের আশা থাকবে প্রধানমন্ত্রী আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের বিষয়ে যেভাবে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন, তিনি ড. ইউনূসের বিষয়টিকেও দল-মতের ঊর্ধ্বে রেখে পুনর্বিবেচনা করবেন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, দেশের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের অপমান করার মাধ্যমে নাগরিক সমাজকে আঘাত করার চেষ্টা চলছে। যারা করছে, তাদের ধারণা, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, টিআইবি, প্রথম আলো ও ডেইলি স্টারকে আঘাত করা গেলে ৪০ থেকে ৫০ বছর ক্ষমতায় থাকা যাবে। এরা প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করছে, কুমন্ত্রণা দিচ্ছে।আসিফ নজরুল আরও বলেন, ‘তাঁকে নামাতে গিয়ে সরকারই নিচে নেমে গেছে। এ বিষয়টিতে কেউ জেতেনি। ড. ইউনূস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সবাই হেরেছে। আমরা দেখেছি, প্রধানমন্ত্রী অনেক সময় তাঁর সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করেছেন। আশা করি, এ ক্ষেত্রেও তিনি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবেন। কারণ দেশের ভাবমূর্তি রক্ষার সময় এখনো শেষ হয়ে যায়নি।’আলোচনা সভায় স্বাগত বক্তৃতা করেন গ্রুপ ২০০৯ এর সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।