ইউনূসকে সরিয়ে দিয়ে সরকার দেশের সুনাম ক্ষুণ্ন করেছে: খালেদা
নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস সরকারের প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি সবাইকে দল-মতের ঊর্ধ্বে উঠে সরকারের এই প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।আজ রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে পাঠানো মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিবৃতিতে খালেদা জিয়া এ আহ্বান জানান।বিবৃতিতে খালেদা জিয়া বলেন, গ্রামীণ ব্যাংক ও মুহাম্মদ ইউনূসকে নিয়ে বর্তমান সরকার যে ন্যক্কারজনক পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে তিনি ব্যথিত ও উদ্বিগ্ন। সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে বলে তিনি মনে করেন। এর ফলে গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে, সুবিধাবঞ্চিত হবে দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা।বিবৃতিতে আরও বলা হয়, ইউনূসের প্রতি ‘অন্যায় ও অসৌজন্যমূলক’ আচরণ সরকারের উচ্চপদে অধিষ্ঠিত কতিপয় ব্যক্তির ঈর্ষাপরায়ণতা এবং তাঁর অবদান সম্পর্কে সম্যক উপলব্ধি না থাকার বহিঃপ্রকাশ।