ইউনূসের অপসারণে বাংলাদেশের ভাবমূর্তি বাড়েনি: অর্থমন্ত্রী
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসের অপসারণে বাংলাদেশের ভাবমূর্তি মোটেও বাড়েনি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক দাতাসংস্থা ও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইউনূসের অপসারণে বাংলাদেশের ভাবমূর্তি মোটেও বাড়েনি, কিন্তু এ ছাড়া কোনো উপায় ছিল না। কোনো আক্রোশ বা রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে অপসারণ করা হয়নি।অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক আমাদের গর্বের ধন। আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে বাহাদুরি করি। এটাকে ধ্বংস করার প্রশ্নই ওঠে না।’এত দিন কেন ইউনূসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বা এত দিন তিনি দায়িত্বে থাকায় তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, বৈঠকে দাতাসংস্থা ও রাষ্ট্রদূতদের পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হয় বলে অর্থমন্ত্রী জানান।জবাবে অর্থমন্ত্রী দাতাসংস্থার প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের বলেন, গ্রামীণ ব্যাংক একটি আদরের প্রতিষ্ঠান বলে এত দিন খুব একটা খতিয়ে দেখা হয়নি। অর্থমন্ত্রী জানান, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিবর্তনের বিষয়টি তিনি মুহাম্মদ ইউনূসকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন। তাঁর সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনাও চলছিল। কিন্তু নরওয়ের একটি টিভিতে এ নিয়ে প্রতিবেদন হওয়ার পর সব বদলে গেছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আমি চেয়েছিলাম, একটি সম্মানজনক উপায়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনায় পরিবর্তন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, সেটি হলো না।’এদিকে বৈঠক শেষে বের হয়ে হয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, ‘মুহাম্মদ ইউনূসকে যেভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ১২ বছর আগের একটি ঘটনায় তাঁকে হঠাত্ করে যেভাবে সরিয়ে দেওয়া হলো, তা আমাদের কাছে খুবই অস্বাভাবিক মনে হয়েছে।’রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্র আশা করে, সম্মানজনকভাবে এ সমস্যা সমাধান হবে।