ইউনূসের আপিল, শুনানি ১৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয়েছে। আবেদন দুটির ওপর ১৫ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে মুহাম্মদ ইউনূসের পক্ষে করা দুটি রিট হাইকোর্ট গতকাল মঙ্গলবার খারিজ করে দেন। এরই বিরুদ্ধে আজ সিএমপি দুটি করা হয়েছে।হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ না দিয়ে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেন। দুপুরে আবেদন দুটি শুনানির জন্য চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়। সেখানে দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হয়। এসময় মুহাম্মদ ইউনূসের পক্ষে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আবেদন দুটির নম্বর যথাক্রমে ২১২ ও ২১৩। এতে হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন জানানো হয়েছে। সকালে হলফনামা শেষে আবেদন দুটি সংশ্লিষ্ট শাখায় ফাইল করা হয়।আদালত থেকে বের হয়ে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, হাইকোর্ট রিট খারিজ করে দিয়েছিলেন। এর বিরুদ্ধে দুটি আবেদন (সিএমপি) করা হয়েছিল। এতে হাইকোর্টের আদেশ এবং বাংলাদেশ ব্যাংকের চিঠির কার্যক্রম স্থগিত চাওয়া হয়। আদালত স্থগিতাদেশ দেননি। ফলে বাংলাদেশ ব্যাংকের আদেশ বহাল আছে। ১৫ মার্চ আদালত নিয়মিত বেঞ্চে শুনানির দিন ধার্য করেছেন।এ সময়ের মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা সরকারের বিষয় বাংলাদেশ ব্যাংকের বিষয়।এ সময় পর্যন্ত ইউনূস কাজ চালিয়ে গেলে কী হবে—এ প্রশ্নের জবাবে মাহবুবে আলম বলেন, কাজ চালিয়ে গেলে মনে করি আদালতের আদেশের অবমাননা হবে, আইনবহির্ভূত হবে।১৫ মার্চ পর্যন্ত কাজ চালিয়ে গেলে আদালত অবমাননা হবে কি না, এ প্রশ্নের জবাবে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়নি এ আদেশ কবে কার্যকর হবে। পরিচালনা পর্ষদকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। অব্যাহতির কথা বলা হলেই অব্যাহতি হয় না। কারণ বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়নি অনতিবিলম্বে করতে হবে। এটা কার্যকরী আদেশ না, যতক্ষণ না বোর্ড সিদ্ধান্ত নেবে।১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের উত্তরে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের আদেশ বিচারাধীন রয়েছে। আদালত যেহেতু বলেছেন, এ ব্যাপারে শুনানি করবেন, তাই ওই সময় পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। কোনো কার্যক্রম গ্রহণ করা সমীচীন হবে না। আশা করি, মুহাম্মদ ইউনূস এমডি হিসেবে থাকতে পারবেন।’সকালে এ ব্যাপারে মুহাম্মদ ইউনূসের আইনজীবী তানিম হোসাইন জানিয়েছিলেন, আবেদন দায়েরের প্রস্তুতি শেষ হয়েছে। আবেদন দুটি সংশ্লিষ্ট শাখায় ফাইল করা হয়েছে। দুপুরে শুনানির জন্য চেম্বার বিচারপতির আদালতে সেগুলো উপস্থাপন করা হবে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মোহাম্মদ ইউনূসের করা রিট খারিজ করে দেন। আদালত একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের রিট আবেদনটিও খারিজ করেন।প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয়, উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক বাংলাদেশ ব্যাংকের আদেশকে চ্যালেঞ্জ করে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে গতকাল আদেশ দেওয়া হয়।