ইউনূসের আপিল খারিজ আবার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আপিলের অনুমতি পাননি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ তিন ঘণ্টার বেশি সময় শুনানি শেষে আবেদন খারিজের আদেশ দেন। তবে এ আদেশ প্রত্যাহার (রিকল) চেয়ে গতকাল বিকেলে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ইউনূসের পক্ষে একটি আবেদন করা হয়েছে। আজ বুধবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ড. ইউনূসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে থাকা আর ঠিক হবে না। পদে থাকাটা অবৈধ বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, এখনই তা বলা যাচ্ছে না। ব্যাংকটির নয় পরিচালকের পক্ষে করা একটি আবেদন শুনানির অপেক্ষায় আছে। এর ফলাফল না দেখে কিছু বলা যাচ্ছে না।এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ হওয়ার খবর মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পৌঁছার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা নেমে আসে। গ্রামীণ ব্যাংক ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদের ডেস্ক ছেড়ে কার্যালয়ের নিচে নেমে আসেন।বিকেল চারটার দিকে ড. ইউনূস কর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার যাওয়ার সময় হয়ে গেছে।’ তিনি কর্মীদের মিলেমিশে কাজ করার পরামর্শ দেন।আইনজীবীদের বক্তব্য: ড. ইউনূসের অপর কৌঁসুলি রোকনউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের যে চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল, তাতে বলা হয়েছিল পরিচালনা পর্ষদ এ ব্যাপারে পদক্ষেপ নেবে। তবে পরিচালনা পর্ষদ কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ইউনূস এমডি থাকতে পারবেন বলে আমি মনে করি।’ বাংলাদেশ ব্যাংকের আইনজীবী তৌফিক নেওয়াজ বলেন, লিভ টু আপিল খারিজ হওয়ায় হাইকোর্টের আদেশ বহাল থাকল। ড. ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক যে আদেশ দিয়েছিল, তাকে বৈধ বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। রাতে ইউনূসের আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, লিভ টু আপিল খারিজ করে আদেশ দেওয়া হয়েছে। পূর্ণ শুনানির জন্য অস্বাক্ষরিত ওই আদেশ প্রত্যাহার চেয়ে ইউনূস আপিল বিভাগে আবেদন করেছেন। আজ বিষয়টি শুনানির জন্য আসবে বলে জানান তিনি।গ্রামীণ ব্যাংকের এমডি পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে তাঁর এবং নয় পরিচালকের করা দুটি রিট আবেদন ৮ মার্চ হাইকোর্ট খারিজ করে দেন। এর বিরুদ্ধে ৩ এপ্রিল আপিল বিভাগে দুটি লিভ টু আপিল করা হয়।গতকাল সকাল সোয়া নয়টা থেকে মাঝে বিরতি দিয়ে সোয়া একটা পর্যন্ত শুনানি চলে। এরপর আদালত দেড়টার দিকে আদেশ দেন। আদালতে ইউনূসের পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন, রোকনউদ্দিন মাহমুদ, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে তৌফিক নেওয়াজ ও আজমালুল হোসেন কিউসি শুনানি করেন। এ সময় ড. ইউনূসের পক্ষে মাহমুদুল ইসলাম, সারা হোসেন, মুস্তাফিজুর রহমান খান ও তানিম হোসাইন উপস্থিত ছিলেন।গতকালের শুনানি: শুনানিতে ড. কামাল হোসেন বলেন, কাউকে চাকরিচ্যুত কিংবা তাঁর বিরুদ্ধে যেকোনো ব্যবস্থা নিতে হলে কারণ দর্শানোর নোটিশ দিতে হয়। এ ক্ষেত্রে আবেদনকারীকে কোনো নোটিশ দেওয়া হয়নি। ১১ বছর পর বাংলাদেশ ব্যাংকের জিএম হঠাৎ করে চিঠি দিয়ে বলেছে, আপনি আর এমডি নন। নন বললেই হয়ে গেল? এ ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।বিভিন্ন নজির তুলে ধরে কামাল হোসেন বলেন, ‘হাইকোর্ট কোনো ধরনের রুল ইস্যু না করে রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন। প্রথা অনুসারে রুল জারি করা হয়। উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। অ্যাটর্নি জেনারেলের বক্তব্য শোনা হয়েছে। তবে অপরপক্ষ কোনো হলফনামা দেয়নি। হাইকোর্ট কিছু পর্যবেক্ষণও দিয়েছেন। তবে ন্যায়বিচারের স্বাভাবিক রীতি অনুসরণ করা হয়নি। রিট খারিজের রায় বিভ্রান্তিমূলক বলে মন্তব্য করেন তিনি।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, প্রথমে ড. ইউনূসকে নিয়োগ দেওয়া হয়। এরপর ’৯০ সালের ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে পরিচালনা পর্ষদ তাঁকে এমডি পদে নিয়োগ দেয়। সেখানে বলা হয়, আপনি ব্যাংকের একজন নিয়মিত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন। ইউনূস তাঁর চিঠিতে বলেছিলেন যে নিয়োগের শর্তে রাজি আছেন। এরপর তিনি কাজে যোগ দেন। মাহবুবে আলম বলেন, যেহেতু তিনি ব্যাংকটির কর্মকর্তা, যেহেতু ৬০ বছরের বিষয়টি প্রযোজ্য। এমডি পদে নিয়োগ দেওয়ার এখতিয়ার গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের রয়েছে, তবে তা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে। একজন নোবেল বিজয়ী হওয়ায় তাঁর ক্ষেত্রে বয়সসীমা থাকবে না, এটা কি ন্যায়বিচার? এটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। অবসরের ক্ষেত্রে ২০০১ সালের যে প্রবিধান করা হয়েছে, তা অসৎ, উদ্দেশ্যপ্রণোদিত। এ পর্যায়ে আদালত বলেন, ২০০১ সালে ওই রেগুলেশন হয়েছে, ১১ বছর পরে কেন বলছেন। এত দিন কি ঘুমিয়ে ছিলেন? এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল বিভিন্ন বিধিবদ্ধ ব্যাংকের এমডির মেয়াদ তুলে ধরেন।এরপর শুনানিতে অংশ নেন তৌফিক নেওয়াজ। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক বিধিবদ্ধ ব্যাংক। তাই ইউনূস পাবলিক সার্ভেন্ট। তাঁর বয়স ষাটের বেশি। ওই পদে থাকার অনুমোদন নেই। তাহলে এত দিন কেন মেনে নেওয়া হয়েছে? আদালতের এমন প্রশ্নের জবাবে তৌফিক নেওয়াজ বলেন, বিচারপতিরা ৬৭ বছর পর্যন্ত থাকতে পারেন। মেয়াদ শেষ হলে কি নোটিশ দিতে হয়? নিয়োগের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে, পরে নয়।এ পর্যায়ে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ৬০ বছরের বিষয়টি ২০০২ সালে নিষ্পত্তি হয়ে গেছে।বাংলাদেশ ব্যাংকের আজমালুল হোসেন কিউসি বলেন, কর্মী বললে স্থায়ী-অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী বোঝাবে। তাই ৬০ বছর মেয়াদ শেষ হওয়ায় তাঁর পদে থাকার অধিকার নেই। দুপুর একটা ২২ মিনিটে শুনানি শেষে আদালত ১০ মিনিট বিরতিতে যান। এরপর আদালত দেড়টার দিকে আদেশ দেন।ইউনূসের বক্তব্য: বার্তা সংস্থা এএফপি জানায়, আদালতের রায় জানার পর গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ করে দেন। পরে বিকেলে গ্রামীণ ব্যাংক ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বক্তব্য রাখেন বলে প্রতিষ্ঠানটির কর্মকর্তা আমিনুল ইসলাম এএফপিকে জানান। ড. ইউনূস এ সময় বলেন, ‘আমি আগেই এই পদ ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু আপনাদের অনুরোধে আমি চলে যেতে পারিনি। কিন্তু এখন যাওয়ার সময় হয়েছে।’অধ্যাপক ইউনূস এ সময় আরও বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার যাওয়ার সময় হয়ে গেছে। আমি এর আগেও দুবার যেতে চেয়েছি। কিন্তু আপনারা আপত্তি জানিয়েছিলেন। এখন এই প্রতিষ্ঠানকে যে অবস্থায় রেখে যাচ্ছি, এর থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিষ্ঠানটি যেন পিছিয়ে না পড়ে।’ড. ইউনূস সব কর্মকর্তা-কর্মচারীকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন। বলেন, ‘আপনারা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখবেন। অসৎ লোক যাতে এই প্রতিষ্ঠানে প্রবেশ করতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন।’ মুহাম্মদ ইউনূস দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে বলেন, আইনজ্ঞদের কাছে পরামর্শ নিয়ে যাতে সুন্দরভাবে দায়িত্ব হস্তান্তর করা যায়, সেই ব্যবস্থা করা হবে। কার কাছে দায়িত্ব হস্তান্তর করবেন, সেটা সরকার নির্ধারণ করবে।ইউরোপীয় কমিশনের উদ্বেগ: গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট ও ইতালির সাবেক প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো চিঠিতে তিনি এ উদ্বেগের কথা জানান। চিঠিতে প্রোদি আশা প্রকাশ করেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে একটি শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেবেন।প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয় পরিচালক হাইকোর্টে দুটি রিট আবেদন করেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি ১৫ মার্চ আবেদন দুটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।