ইউনূসের আবেদনের শুনানি দুই সপ্তাহ মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অব্যাহতির বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা দুটি আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ শুনানি মুলতবি করেন।আদালত থেকে বেরিয়ে মুহাম্মদ ইউনূসের আইনজীবী ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুটি স্থগিত আবেদন (সিএমপি) করা হয়েছিল, কিন্তু এখনো আমরা আদেশের কপি পাইনি। এ জন্য হাইকোর্টের খারিজ আদেশের ওপর কোনো মন্তব্য করতে পারি না।’ হাইকোর্টে যে বিচার পাওয়ার আশা করেছিলেন, তা পাননি বলেও মন্তব্য করেন তিনি।সকালে আদালতে শুনানিকালে মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম। এ ছাড়া ইউনূসের পক্ষে আইনজীবী মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, সারা হোসেন ও তানিম হোসাইন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক নেওয়াজ।সোয়া নয়টার দিকে শুনানিতে ইউনূসের আইনজীবী বলেন, ‘তিন দিন শুনানি করে কোনো ধরনের রুল জারি না করে হাইকোর্ট রিট আবেদন খারিজ করেন। বাংলাদেশ ব্যাংক অবৈধভাবে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. ইউনূসকে অপসারণ করে। তবে রিট আবেদন খারিজ হওয়ায় আমরা মনে করি, হাইকোর্ট আইনগতভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’রিট আবেদনের যুক্তিগুলো তুলে ধরে কামাল হোসেন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ১২ বছর ধরে এ বিষয়ে অবগত থাকা সত্ত্বেও হঠাৎ একটি চিঠি দিয়ে অপসারণের কথা বলে। কেন এ ধরনের অপসারণের একটি চিঠি ইস্যু করা হলো, সে ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের বক্তব্য জানা জরুরি। রুল জারি না করায় আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি। তাই হাইকোর্টের আদেশের কপি পাওয়া গেলে রিট আবেদন খারিজের যুক্তিগুলো জানা যেত।’ এ জন্য আদেশের কপি না পাওয়া পর্যন্ত শুনানি মুলতবির আরজি জানান তিনি। একপর্যায়ে আদালত দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। প্রসঙ্গত, কেন্দ্রীয় ব্যাংক ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী-সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে ৮ মার্চ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রিট আবেদন দুটি সরাসরি খারিজ করে দেন। এতে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে দুটি আবেদন (সিএমপি) করা হয় ৯ মার্চ। এর পরিপ্রেক্ষিতে ওই দিন চেম্বার বিচারপতি আবেদন দুটি ১৫ মার্চ শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।